মাদ্রিদ: গত মরশুমটা মোটেই ভালো কাটেনি রিয়াল মাদ্রিদের। উয়েফা সুপার কাপ বাদ দিলে কোনও মেজর ট্রফি জিততে ব্যর্থ লস ব্ল্যাঙ্কোস। তারউপর মরশুম শেষেই দল ছাড়েন কার্লো আনসেলোত্তি। এমন পরিস্থিতিতে দায়িত্ব নিয়েই দলকে স্বপ্ন দেখাচ্ছেন জাবি আলোন্সো। প্রাক্তন এই স্প্যানিশ মিডিওর হাত ধরে ইতিমধ্যেই লা লিগায় শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল। এবার চ্যাম্পিয়ন্স লিগে টানা তিন ম্যাচে জয় তুলে নিলেন কিলিয়ান এমবাপেরা। বুধবার ঘরের মাঠে জুভেন্তাসকে ১-০ গোলে হারাল রিয়াল। ম্যাচের জয়সূচক গোলটি জুড বেলিংহ্যামের। উল্লেখ্য, চোটের কারণে চলতি মরশুমে বেশ কিছুটা সময় মাঠের বাইরে থাকতে হয়েছে ইংলিশ তারকা ফুটবলারটিকে। তবে বুধবার মরশুমের প্রথম গোলটি সেরে ফেললেন তিনি। তাঁর এই লক্ষ্যভেদে ভর করে এল ক্লাসিকোর আগে মূল্যবান তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল রিয়াল।
এদিকে, টানা চার ম্যাচে হারের পর অবশেষে জয়ে ফিরল লিভারপুল। বুধবার অ্যাওয়ে ম্যাচে শুরুতে পিছিয়ে পড়ে ফ্রাঙ্কফুর্টকে ৫-১ গোলে হারাল দ্য রেডস ব্রিগেড। উল্লেখ্য, এদিন দলের নির্ভরযোগ্য ফুটবলার মো সালাহকে বেঞ্চে রেখেই দল সাজিয়েছিলেন কোচ আর্নে স্লট। তবে তাতেও জয় পেতে খুব একটা সমস্যা হয়নি। ম্যাচে বিজয়ী দলের হয়ে জাল কাঁপান যথাক্রমে হুগো একিটিকে, ভার্জিল ফন ডিক, ইব্রাহিমা কোনাতে, কোডি গাকপো ও ডোমিনিক সোবোসলাই।
জয়ের ধারা বজায় রেখেছে বায়ার্ন মিউনিখ। বুধবার ঘরের মাঠে ক্লাব ব্রাগকে ৪-০ গোলে হারাল ভিনসেন্ট কোম্পানি-ব্রিগেড। ম্যাচে স্কোরশিটে নাম তোলেন যথাক্রমে লেনার্থ কারি, হ্যারি কেন, লুইস জিয়াজ ও নিকোলাস জ্যাকসন। এই জয়ের সুবাদে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে রইল বায়ার্ন। পাশাপাশি বড় জয় নিয়ে মাঠ ছাড়ল চেলসি। ঘরের মাঠে আয়াখসকে ৫-১ গোলে হারাল তারা। দ্য ব্লুজ-ব্রিগেডের হয়ে একটি করে গোল করেন মার্ক গিউয়ি, মোয়েজেস কাইসাডো, এনজো ফার্নান্ডেজ, এস্তেভায়ো ও তারিক জর্জে। উল্লেখ্য, এদিন ম্যাচে একঝাঁক তরুণ ফুটবলারকে রেখে দল সাজিয়েছিলেন কোচ এনজো মারেস্কা। এমনকী, পরিবর্ত হিসেবেও রিজার্ভ দলের ফুটবলারদের পরখ করে নেন। অন্যদিকে, অ্যাওয়ে ম্যাচে মোনাকোর বিরুদ্ধে গোলশূন্য ড্র করল টটেনহ্যাম।



