সংবাদদাতা, কল্যাণী: সরকারি সাহায্যে পড়াশোনা করে মুম্বই আইআইটি’তে সুযোগ পেলেন চাকদহের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা ছাত্র বিপ্লব সিংহ। তারপর রাজ্য সরকারের সহযোগিতাতেই ক্যালিফোর্নিয়াও যান লেখাপড়ার কাজে। তিনি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া। বুধবার মুম্বই থেকে বাড়ি ফিরেছেন। তারপর কল্যাণীর মহকুমা শাসকের অনুরোধে কয়েকজন পড়ুয়ার সঙ্গে দেখা করেন। তাঁদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন। বর্তমানে রাজ্য সরকারের সহযোগিতায় যুবশ্রী প্রকল্পের মাধ্যমে কল্যাণী মহকুমাতে নিট এবং জেইই’র চারটি সেন্টার চালু রয়েছে। প্রতিটিতে ৫০ জন করে পড়েন। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তাঁদের ভর্তি নেওয়া হয়।



