বৃষ্টিতে জলমগ্ন চাকদহ-বনগাঁ  রাজ্য সড়ক, নিত্য দুর্ভোগ
  • ২০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে চাকদহ-বনগাঁ রাজ্য সড়কের বিভিন্ন জায়গায় জল জমে তীব্র দুর্ভোগের মুখে সাধারণ মানুষ। বৃহস্পতিবার চাকদহ শহরের পূর্ব প্রান্তে ডাউন প্ল্যাটফর্মের কাছ থেকে ১২ নম্বর জাতীয় সড়ক পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তার একাধিক অংশ জলমগ্ন হয়ে পড়েছে। এর ফলে সমস্যায় পড়েছেন পথচারী, যাত্রী থেকে শুরু করে ব্যবসায়ীরা। চাকদহের কেবিএমের বাসিন্দা বাসন্তী দাস বলেন, জল জমে থাকা ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যা হয়। গর্ত থাকলে বোঝা যায় না। চাকদহ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিশ্বনাথ দে হালদার বলেন, রাস্তার দু’ধারে অন্তত ৫০০টি দোকান রয়েছে। বহু দোকানের সামনে জল জমে থাকায় ক্রেতারা দোকানে ঢুকতে পারছেন না। ফলে ব্যবসায় ব্যাপক ক্ষতি হচ্ছে। এই বিষয়ে চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ বলেন, রাস্তার জল নিকাশির ব্যবস্থা উন্নত করতে কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য অতিরিক্ত অর্থের প্রয়োজন। রাজ্য সরকারের কাছে অর্থ চেয়ে আবেদন জানানো হয়েছে। টাকা বরাদ্দ হলেই কাজ শুরু হবে।  নিজস্ব চিত্র

Advertisement