সংবাদদাতা, ঘাটাল: ঘাটাল মহকুমার দাসপুর থানার চাঁইপাট শহিদ প্রদ্যোৎ ভট্টাচার্যা মহাবিদ্যালয় প্রথমবারের ন্যাক এর মূল্যায়নে ‘বি-প্লাস’ গ্রেড পেল। শনিবার এই স্বীকৃতির খবর আসার পরই কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী, অধ্যাপক-অধ্যাপিকা এবং শিক্ষা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সঞ্চার হয়। কলেজের টিআইসি শীলা চক্রবর্তী বলেন, এই প্রথমবার আমাদের কলেজে ন্যাকের ভিজিট হয়েছিল। প্রথমবারেই ‘বি-প্লাস’ গ্রেড পাওয়াটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয়। এটা আমাদের সম্মিলিত পরিশ্রমের ফল। ২০০৭ সালে প্রতিষ্ঠিত এই কলেজে বর্তমানে আটটি বিষয় পড়ানো হয়। ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় সাড়ে সাতশো। রয়েছেন ৩৬জন অধ্যাপক-অধ্যাপিকা ও ১১জন শিক্ষাকর্মী। কলেজ সূত্রে খবর, চলতি বছরের জুন মাসের প্রথম সপ্তাহে অনলাইনে ন্যাক গ্রেডেশনের জন্য আবেদন করা হয়েছিল। উল্লেখ্য, ঘাটাল মহকুমায় মোট চারটি কলেজ রয়েছে। ওই কলেজের বাংলার অধ্যাপক উজ্জ্বল চৌধুরী বলেন, ন্যাকের স্বীকৃতি পেলে কলেজের শিক্ষার মান, প্রশাসনিক দক্ষতা, পরিকাঠামো, গবেষণা প্রভৃতি দিক সরকারিভাবে স্বীকৃতি পায়। ন্যাক গ্রেড থাকলে সরকারি ও বেসরকারি নানা প্রকল্প ও অনুদান পাওয়ার সম্ভাবনা বাড়ে। একই সঙ্গে কলেজে পড়ুয়াদের সংখ্যা বাড়ে। কারণ অভিভাবকরাও ছেলেমেয়েদের স্বীকৃত কলেজে পাঠাতে আগ্রহী হন। গবেষণার ক্ষেত্রে সরকারি সহায়তা পাওয়া সহজ হয়, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় মর্যাদা পাওয়ার পথ সুগম হয়। তাই ন্যাকের এই প্রাথমিক স্বীকৃতি কলেজটির উন্নয়নের ক্ষেত্রে একটি বড় মাইলফলক বলে আমরা মনে করি।-নিজস্ব চিত্র



