Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চা, বালি খাদানের শ্রমিকদের অ্যাকাউন্ট ভাড়া প্রতারকদের

চা, বালি খাদানের শ্রমিকদের অ্যাকাউন্ট ভাড়া প্রতারকদের
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: চা বাগান থেকে বালি খাদানের শ্রমিক। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিতে এদের টার্গেট করে ট্যাব কাণ্ডের মাস্টারমাইন্ডরা। ছ’দিনে ট্যাব কাণ্ডে শিলিগুড়ি থেকে বালি খাদানের শ্রমিক সহ সাতজন গ্রেপ্তারের পর এমন অনুমান পুলিসের। ইতিমধ্যেই পুলিস কয়েকজন খাদান শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করেছে। এদিকে, ট্যাব কাণ্ডের শিকড় ছড়িয়েছে অসম সংলগ্ন আলিপুরদুয়ারে জেলাতেও। রবিবার বিধাননগর কমিশনারেটের পুলিস সেখান থেকে এক ওষুধ ব্যবসায়ী তথা ঠিকাদারকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম প্রবীর দাস। বীরপাড়া চৌপথিতে ধৃতের বাড়ি। অভিযোগ, ট্যাব কাণ্ডে ধৃতের অ্যাকাউন্ট ব্যবহার করে লেনদেন করা হয়েছে। সমগ্র ঘটনা নিয়ে উত্তরবঙ্গে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 
Advertisement
শনিবার রাতে মাটিগাড়া থানার পুলিসের সঙ্গে লেনিন কলোনিতে যৌথ অভিযান চালায় পূর্ব মেদিনীপুরের কেশিয়ারি থানার পুলিস। তারা সেখান থেকে নজরুল ইসলাম ও রূকসানা খাতুন নামে দু’জনকে গ্রেপ্তার করে। ধৃতরা নদী থেকে বালি ও পাথর তোলার কাজের সঙ্গে যুক্ত। ওই রাতেই এনজেপি থানার সহায়তায় নৌকাঘাট থেকে মহম্মদ মেহেবুবকে গ্রেপ্তার করে বিধাননগর কমিশনারেটের পুলিস। ধৃত বেসরকারি সংস্থার অ্যাকাউন্ট্যান্ট। 
ঘটনাগুলি খতিয়ে দেখে পুলিস ও গোয়েন্দারা চাঞ্চল্যকর কিছু তথ্য হাতে পেয়েছে। গোয়েন্দা সূত্রের খবর, দীর্ঘদিন ধরে শিলিগুড়িতে বন্ধ বালি খাদান। প্রশাসনের কড়াকড়ির জেরে শ্রমিকরা নিজেরাও সেখানে নদী থেকে বালি ও পাথর তুলতে পারছেন না। এই অবস্থায় সহজে টাকা কামানোর টোপ দিয়ে সংশ্লিষ্ট শ্রমিকদের মগজ ধোলাই করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নেয় ট্যাব কাণ্ডের মাস্টারমাইন্ডরা। লেনিন কলোনি থেকে ধৃতদের অ্যাকাউন্টে গত ৪ অক্টোবর ট্যাবের টাকা ঢুকেছে। ৫ অক্টোবর ধৃতরা সেই টাকা তুলে নেয়। এরবাইরে সেখানকার আরও তিন শ্রমিকের অ্যাকাউন্টে টাকা ঢোকে। তারা অবশ্য সেই টাকা তোলেননি। পূর্ব মেদিনীপুর পুলিসের এক অফিসার জানান, ট্যাবের টাকা তোলার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হলেও বাকিরা তদন্তের মধ্যে রয়েছে। নোটিস পাঠিয়ে তাদের তলব করা হয়েছে। ফ্রিজ করা হয়েছে প্রতিটি অ্যাকাউন্ট।
সম্পর্কিত সংবাদ