বিশাখাপত্তনম: এভাবেও হারা যায়! রবিবার মহিলাদের বিশ্বকাপে ৩৩০ তুলেও পরাজিত হরমনপ্রীত কাউররা। অজি ক্যাপ্টেন অ্যালিসা হিলির ১৪২ রানই তফাত গড়ে দিল। এক ওভার বাকি থাকতে লক্ষ্যে পৌঁছল অস্ট্রেলিয়া (৩৩১-৭)। মহিলাদের একদিনের ম্যাচে রান তাড়ায় যা বিশ্বরেকর্ড। ৩ উইকেটে এই জয়ের সুবাদে চার ম্যাচে ৭ পয়েন্টে তালিকার শীর্ষে উঠে এল অজিরা। অন্যদিকে, টানা দ্বিতীয় ম্যাচ হেরে রীতিমতো চাপে ভারত।
৩৩১ রানের টার্গেট তাড়া করতে নেমে ঝোড়ো শুরু করেছিল অস্ট্রেলিয়া। ওপেনিংয়ে ১১.২ ওভারে ওঠে ৮৫। ‘ম্যাচের সেরা’ অ্যালিসার পঞ্চাশ আসে মাত্র ৩৫ বলে। শতরান পূর্ণ করতে তিনি নেন ৮৪ বল। মিচেল স্টার্কের স্ত্রীর দাপটে রীতিমতো অসহায় দেখায় স্নেহ রানা, ক্রান্তি গৌড়দের। শেষ পর্যন্ত তিনি ১০৭ বলে ১৪২ করে থামেন। তাঁর মারমার কাটকাট ইনিংসে রয়েছে ২১টি চার ও ৩টি ছক্কা। রান পান এলিসে পেরি (অপরাজিত ৪৭), অ্যাশলে গার্ডনারও (৪৫)। শেষপর্বে অ্যালিসা ফেরার পর কিছুটা লড়াইয়ে ফিরেছিল ভারত। কিন্তু ষষ্ঠ বিশেষজ্ঞ বোলারের অভাব ভোগাল। একমাত্র শ্রী চরণিই (৩-৪১) ভালো বল করলেন। বাকিরা পুরো ব্যর্থ। সেজন্যই এত রান তুলেও লজ্জার পরাজয় সঙ্গী টিম ইন্ডিয়ার।
এবারের বিশ্বকাপে টপ অর্ডারই চিন্তায় রাখছিল ভারতকে। এদিন অবশ্য স্মৃতি মান্ধানা ও প্রতীকা রাওয়ালের ওপেনিং জুটিতে ওঠে ১৫৫। যা বড় রানের ভিত গড়ে দেয়। মান্ধানাকে এবারের আসরে এই প্রথম চেনা মেজাজে দেখা গেল। ৬৬ বলে তাঁর সংগ্রহ ৮০। ৯টি চার ও ৩টি ছক্কা মারেন বাঁ-হাতি ওপেনার। মহিলাদের ওডিআই’তে প্রথম ক্রিকেটার হিসেবে এক ক্যালেন্ডার বছরে হাজার রানের গণ্ডিও পেরন তিনি। পাশাপাশি, দ্রুততম হিসেবে মাত্র ১১২ ইনিংসে পাঁচ হাজার রান পূর্ণ করেন। কিন্তু তা দাম পেল না। প্রতীকাকেও দেখাচ্ছিল জমাট। ৯৬ বলে তাঁর ৭৫ রানের ইনিংস সাজানো ১০টি চার ও একটি ছক্কায়। ভারতের আর কেউ পঞ্চাশ পেরোননি। হারলিন দেওল (৩৮), ক্যাপ্টেন হরমনপ্রীত (২২), জেমাইমা রডরিগেজ (৩৩), রিচা ঘোষরা (৩২) ক্রিজে সেট হয়েও বড় রান পাননি। একসময় মনে হচ্ছিল, সাড়ে তিনশো পেরিয়ে যাবে ভারত। কিন্তু শেষ ছয় উইকেট পড়ে মাত্র ৩৬ রানে। ফলে ইনিংসে দাঁড়ি পড়ে ৪৮.৫ ওভারে। এই পরাজয় কিন্তু দল কম্বিনেশন নিয়েই প্রশ্ন তুলে দিল!



