ওম্বুডসম্যানদের কাজের উপরেও ডিজিটাল নজরদারি চালাবে কেন্দ্র, ভিবি জি রাম-জি’র স্বচ্ছ রূপায়ণ
  • ১৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভিবি জি রাম-জি প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এবার নজরদারির আওতায় আসছেন ওম্বুডসম্যানরাও। শুধু তাঁদের কাছে আসা অভিযোগের নিষ্পত্তি করাই নয়, মাঠপর্যায়ে পরিদর্শনের সময় তাঁদের কাজকর্মের উপরও চলবে ডিজিটাল নজরদারি। কারণ, এবার থেকে কোনো পরিদর্শনে গেলে ওম্বুডসম্যানকে জিও-ট্যাগযুক্ত এবং সময় উল্লেখ করা ছবি আপলোড করতে হবে নির্দিষ্ট পোর্টালে। অর্থাৎ, কোথায় এবং কখন পরিদর্শন করা হয়েছে, তার প্রমাণও রাখতে হবে ডিজিটাল ব্যবস্থায়। নজরদারির পাশাপাশি অভিযোগ নিষ্পত্তির গোটা প্রক্রিয়াকে ডিজিটাল করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ওম্বুডসম্যানদের জন্য পৃথক ডিজিটাল ব্যবস্থা তৈরি করা হবে। সেখানে অভিযোগ নথিভুক্ত করা, তার নিস্পত্তির অগ্রগতি খতিয়ে দেখা, শুনানির কার্যবিবরণী সংরক্ষণ, নির্দেশ আপলোড এবং গৃহীত পদক্ষেপের উপর নজর রাখা যাবে।

Advertisement

সম্প্রতি ওম্বুডসম্যান এবং আপিল কর্তৃপক্ষের কাজকর্ম পরিচালনার জন্য নতুন নির্দেশিকা প্রকাশ করেছে কেন্দ্র। এর মূল লক্ষ্য গ্রামীণ কর্মীদের আইনস্বীকৃত অধিকার সুরক্ষিত রাখা ও প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে ওঠা অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং সরকারি সুযোগ-সুবিধা যথাযথভাবে পৌঁছে দেওয়া। নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি জেলায় একজন করে ওম্বুডসম্যান থাকবেন। জব কার্ড, কাজের সুযোগ, মজুরি প্রদান, মজুরি দিতে বিলম্বের ক্ষতিপূরণ, কর্মস্থলের সুযোগ-সুবিধা, হাজিরা খাতা এবং আইনস্বীকৃত প্রাপ্য থেকে বঞ্চিত হওয়ার মতো অভিযোগের নিষ্পত্তি করবেন তিনি। পাশাপাশি বৈষম্য, হয়রানি এবং শ্রমিকদের অধিকার লঙ্ঘনের অভিযোগও তাঁর খতিয়ে দেখবেন। বিশেষ করে মহিলা ও সমাজের দুর্বল শ্রেণির কর্মীদের অভিযোগ যাতে যথাযথ গুরুত্ব পায়, তার উপর জোর দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। প্রতি মাসে অন্তত তিনটি গ্রামসভাযর বৈঠকে ওম্বুডসম্যানদের উপস্থিত থাকা বাধ্যতামুলক করা হয়েছে।