নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গসহ সব রাজ্যকে ওপেন মার্কেট সেল স্কিমে কম দামে চাল বিক্রি করার প্রস্তাব দিয়েছে কেন্দ্র। ১৬ লক্ষ টন পর্যন্ত চাল কিনলে কুইন্টাল প্রতি ২৩২০ টাকা এবং তার থেকে বেশির জন্য ২৩৯০ টাকা দাম ধার্য করা হয়েছে। এফসিআইয়ের প্রস্তাব পেয়ে রাজ্য তা বিবেচনা করছে। কারণ রাজ্যের রেশন গ্রাহকদের একটা বড়ো অংশ এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও স্কুলের মিড ডে মিল প্রকল্পের জন্য রাজ্য সরকারের চাল প্রয়োজন। চাষির থেকে সরাসরি ধান কিনে যে চাল তৈরি করা হবে তা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতাভুক্ত প্রায় ৬ কোটি গ্রাহকের মধ্যে বণ্টনের পরিকল্পনা নিয়েছে রাজ্য। সেই হিসাবে এবারের ২০২৬-২৭ খরিফ মরশুমে আপাতত প্রায় ২৫ লক্ষ টন ধান কেনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কয়েকবছর ধরে সব শ্রেণির রেশন গ্রাহক ছাড়াও অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও মিড ডে মিল প্রকল্পের জন্য যে চাল প্রয়োজন হত, তা তৈরি করা হয়েছে চাষির থেকে কেনা ধান দিয়ে।
প্রধানমন্ত্রী অন্ন যোজনার যোজনার বাইরে রাজ্যে আরও প্রায় ২ কোটি ৭০ লক্ষ রেশন গ্রাহক আছেন। রেশন গ্রাহক, অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও মিড ডে মিল প্রকল্পের জন্য প্রায় ৫২ লক্ষ ধান বছরে প্রয়োজন। তা থেকে প্রায় ৩৫ লক্ষ টন চাল তৈরি হওয়ার কথা। সেখানে ২৫ লক্ষ টন ধান থেকে পাওয়া যাবে মাত্র ১৭ লক্ষ টন চাল। বাকিটার জন্য টেন্ডার ডেকে রাইস মিল থেকে চাল কেনার বিষয়টিও এখন সরকার বিবেচনা করছে। এর মধ্যে এফসিআই থেকে প্রস্তাব আসার পর সেটিও বিবেচনার মধ্যে এসেছে। চূড়ান্ত সিদ্ধান্ত নবান্ন নেবে। কেনা ধান থেকে চাল তৈরির খরচ পড়বে কেজিতে প প্রায় ৪০ টাকা। সেখানে এফসিআই কাছ থেকে মিলবে ২৩.২০ টাকায়।রেশন গ্রাহক সংগঠনের নেতা বিশ্বম্ভর বসুর দাবি, এফসিআইয়ের উচিত এবার রাজ্যের চাষির কাছ থেকে ধান কেনা।



