বঙ্গে অদক্ষ শ্রমিকদের মজুরি বাড়াচ্ছে কেন্দ্র, জি রাম-জি নিয়ে শুভেন্দুর চিঠিকে মান্যতা, পারিশ্রমিক হচ্ছে ৪০৭ টাকা
  • ১৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

প্রীতেশ বসু, কলকাতা: ভিবি জি রাম-জি বা ১২৫ দিনের কাজ প্রকল্পে পশ্চিমবঙ্গের অদক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধির পথে কেন্দ্র। বিশেষ সূত্রের পাওয়া খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চিঠিকে মান্যতা দিয়ে রাজ্যের গ্রামীণ শ্রমিকদের মজুরি ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৪০৭ টাকা করার প্রস্তাব বিবেচনা করছে মোদি সরকার। এই বিষয়ে ইতিমধ্যে কেন্দ্রের তরফে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই খবর। ফলে চূড়ান্ত প্রশাসনিক অনুমোদনের পরেই রাজ্যকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে। 

Advertisement

কয়েক দিন আগেই কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে চিঠি লিখে এই প্রকল্পে অদক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধির আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের শ্রমদপ্তরের জুলাই মাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্তমানে রাজ্যের অদক্ষ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারিত হয়েছে ৪০৬ টাকা। কিছু ক্ষেত্রে সেই মজুরির ৪০৯ টাকা। অন্যদিকে, ভিবি জি রাম-জি প্রকল্পের অধীন মজুরি রয়ে গিয়েছে ৩০০ টাকায়। এই পরিস্থিতিতে রাজ্যের ন্যূনতম মজুরির সঙ্গে সামঞ্জস্য রেখে জি রাম-জি প্রকল্পেও মজুরি বৃদ্ধির আরজি জানানো হয়েছিল নবান্নের তরফে। সব ঠিক থাকলে নতুন বছরেই এরাজ্যের মজুরির নয়া হার কার্যকর হতে পারে বলেই ধরে নিচ্ছে সংশ্লিষ্ট মহল। 
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বিষয়টি নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আলোচনাও হয়েছে। ৮ নভেম্বর বিধাননগরে পঞ্চায়েত ভবনে পর্যালোচনা বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ১২৫ দিনের কাজ প্রকল্পে অদক্ষ শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য কেন্দ্রের কাছে আবেদন জানানো হবে। তবে মজুরি কত টাকা করার প্রস্তাব দেওয়া হবে, তখন তা প্রকাশ করেননি তিনি। মুখ্যমন্ত্রীর চিঠি দেওয়ার খবরের সঙ্গেই প্রকাশ্যে এল সেই অঙ্ক। কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রীকে পাঠানো চিঠিতে দৈনিক ১০৭ টাকা বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। 
ভিবি জি রাম-জি প্রকল্পে বিভিন্ন রাজ্যে অদক্ষ শ্রমিকদের মজুরি এক নয়। প্রকল্পের গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গ-সহ ২১টি রাজ্যে বর্তমানে দৈনিক ৩০০ টাকা মজুরি দেওয়া হচ্ছে। অন্যদিকে, গোয়া, হরিয়ানা, কেরল এবং সিকিমের তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই মজুরি ৪০০ টাকার বেশি। কেন্দ্রের বিজ্ঞপ্তি জারি হলে পশ্চিমবঙ্গও সেই তালিকায় অন্তর্ভুক্ত হবে এবং উপকৃত হবেন এরাজ্যের প্রায় ২ কোটি ৩৩ লক্ষ গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড বা জব কার্ড হোল্ডার। এবিষয়ে পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, ‘আমরাও আশাবাদী। অনেকদিন ধরে এ নিয়ে আলোচনা চলছিল। বাইরে ঠিকাদারদের কাছে কাজ করলে বেশি পাবে, আর সরকারি প্রকল্পে কম—সেটা ভালো দেখায় না।’