নয়াদিল্লি: বায়ুদূষণে জেরবার গোটা উত্তর ভারত। দিল্লিতে ইতিমধ্যেই গাড়ি চলাচলে বিধিনিষেধ আরোপিত হয়েছে। রাজধানীর আশপাশের এলাকাতেও বাতাসের গুণমান পরিস্থিতি উদ্বেগজনক। দূষণ মোকাবিলায় এবার দেশজুড়ে দূষণ নিয়ন্ত্রণ সার্টিফিকেটের (পলিউশন আন্ডার কন্ট্রোল বা পিইউসি) নয়া বিধি আনল কেন্দ্র। গত ১৩ নভেম্বর কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের জারি করা গেজেট নোটিফিকেশনে জানানো হয়েছে, এবার থেকে গাড়ির বয়সের উপর নির্ভর করবে পিইউসি সার্টিফিকেটের মেয়াদ। নতুন গাড়ির (ভারত স্টেজ-৬ বা বিএস ৬) ক্ষেত্রে সার্টিফিকেটের মেয়াদ ৩ বছর। তারপর গাড়ি যত পুরানো হবে, তত কম সময়ের জন্য মিলবে দূষণ নিয়ন্ত্রণ সার্টিফিকেট।
গাড়ির রেজিস্ট্রেশনের দিন থেকে তার বয়স গণনা করা হয়। নতুন নিয়ম অনুযায়ী, প্রথম ছ’বছর বিএস-৬ ‘নন-ট্রান্সপোর্ট’ গাড়ির ক্ষেত্রে পিইউসি সার্টিফিকেটের মেয়াদ হবে ৩ বছর। ‘ট্রান্সপোর্ট’ গাড়ির ক্ষেত্রে সেই সময়সীমা ২ বছর। ৬ থেকে ১০ বছর পর্যন্ত ব্যক্তিগত ও বাণিজ্যিক উভয় প্রকারের বিএস-৬ গাড়ির ক্ষেত্রে পিইউসি সার্টিফিকেট করাতে হবে এক বছর অন্তর। আর ১০ বছরের বেশি পুরানো গাড়ির ক্ষেত্রে তা প্রতি ৬ মাস অন্তর। এতদিন প্রতিটি বিএস-৬ গাড়ির ক্ষেত্রেই এই সময়সীমা ছিল এক বছর। ভারত স্টেজ-৪ বা বিএস ৪ গাড়ির ক্ষেত্রেও প্রতি বছর পিইউসি সার্টিফিকেট করার নিয়ম ছিল। যদিও বেশ কয়েকটি রাজ্য ও এনসিআরের ক্ষেত্রে তা ছিল ৬ মাস অন্তর। এবার গোটা দেশেই ব্যক্তিগত ও বাণিজ্যিক বিএস-৪ গাড়ির ক্ষেত্রে পিইউসি সার্টিফিকেটের মেয়াদ ৬ মাস করা হয়েছে। পাশাপাশি বিএস ১,২ ও ৩ গাড়ির ক্ষেত্রে প্রতি ৩ মাস অন্তর পিইউসি সার্টিফিকেট করতে হবে। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে যে সব গাড়ির পিইউসি সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়নি, তাদের ক্ষেত্রে আপাতত নয়া নিয়মের কোনো প্রভাব পড়বে না। নতুন সার্টিফিকেট করার সময় থেকে তা কার্যকর হবে।



