নিজস্ব প্রতিনিধি, আসানসোল: আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকার তিরাট গ্রাম পঞ্চায়েত। বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে ইসিএলের তিরাট কোলিয়ারির জমি ও কোয়াটার। বহু বছর ধরে সেখানেই বসবাস করছেন শ’য়ে শ’য়ে পরিবার। সেখানে উচ্ছেদের নোটিশ দিয়েছে ইসিএল। যা নিয়ে প্রবল ক্ষোভ গ্রামবাসীদের। তিরাট কোলিয়ারি ঘেরাও করে রবিবার প্রবল বিক্ষোভ দেখায় তাঁরা। সেই বিক্ষোভ আন্দোলনের অংশ নিতে দেখা গেল স্থানীয় বিজেপি নেতাদের। শুধু আন্দোলনে অংশ নেওয়াই নয় তারাই দাবি তুললেন রাজ্য সরকারকে এর দায়িত্ব নিতে হবে। কারণ নির্বাচনের আগে স্থানীয় মানুষদের আশ্বাস দেওয়া হয়েছিল।
শুধু তিরাট নয়, পশ্চিম বর্ধমান জেলা জুড়েই স্থানীয় বিজেপি নেতারা উচ্ছেদ নিয়ে চাপে পড়েছেন। পশ্চিম বর্ধমান জেলা জুড়ে রয়েছে ইসিএল, সেইল, রেলের জমি। সেখানে কয়েক দশক ধরে হাজার হাজার পরিবার বসবাস করে আসছে। এদের নিয়ে ভোটব্যাঙ্কের রাজনীতি করে এসেছে তৃণমূল বিজেপি দুই শিবিরই। বিজেপির বুলডোজার রাজনীতির বিরোধী তৃণমূল ভোটের সময় মানুষকে বোঝাত বিজেপি এলে তাঁদের কোয়াটার, সরকারি সংস্থার জমিতে বুলডোজার চলবে ভিটে মাটি ছাড়তে হবে। অন্যদিকে বিজেপি প্রতিশ্রুতি দিত কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার এলে কেউ তাঁদের বিব্রত করবে না। বরং কোয়াটারগুলি লিজ দেওয়ার ব্যবস্থা করা হবে। এবার বিধানসভা নির্বাচনের আগে ইসিএল যখন পাণ্ডবেশ্বরে উচ্ছেদ নোটিশ কোয়াটারে শাটিয়েছিল তা নিজে হাতে ছিঁড়ে দিয়েছিলেন পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। কুলটিতেও একই ঘটনা ঘটিয়েছিলেন বিজেপি প্রার্থী অজয় পোদ্দার।
শিল্পাঞ্চলের মানুষ এবার বিজেপি প্রার্থী বাড়তি আস্থা রেখেছিল। জেলার ন’টি বিধানসভা আসনেই তাঁদের জয়লাভ হয়েছে। তাঁদের মধ্যে এই শ্রেণীর মানুষও ছিলেন যাঁরা আশা করেছিলেন ইসিএলের কোয়াটার তাঁদের নামে লিজ হবে। কিন্তু সরকার বদলের পরই কেন্দ্রীয় সংস্থাগুলির বাদশাহী মেজাজ। সেইলের অধিনে থাকা ইস্কো কর্তৃপক্ষ নির্বিচানে বার্নপুর শহরে বুলডোজার চালিয়েছে। কুলটিতে বুলডোজার চালিয়ে মানুষের ঘর উজাড় করেছে রেল। এবার তিরাটে উচ্ছেদে তৎপর ইসিএল।
এই ঘটনাতেই সবচেয়ে বিপাকে পড়েছেন স্থানীয় বিজেপি নেতা নেত্রীরা। যাঁরা বাড়ি বাড়ি গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন কোয়ার্টার নিয়ে। তাঁরাই সাধারণ মানুষের প্রশ্নের মুখে পড়ছেন। পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বলেন, ইসিএল যা নোটিস দিচ্ছে দিক। প্রকৃত গরিব মানুষের কাছ থেকে কোয়ার্টার কেড়ে নিতে দেব না। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের চার নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক অনিন্দ আচার্য বলেন, ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বিজেপি এখানে লিড পেয়েছে। বিজেপিকে জিতিয়ে এখানে কী লাভ হল। এই সমস্যা সৃষ্টি করেছে বাম আর তৃণমূল সরকার। তাঁরা প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দেয়নি তাই মানুষ কোয়াটারে থাকছে। কিন্তু এখন তো কেন্দ্র ও রাজ্য সরকারে বিজেপি। দায়িত্ব তো রাজ্য সরকারকে নিতে হবে। হয় পুনর্বাসন দেওয়া হোক না হলে কোয়াটারে থাকতে দেওয়া হয়। আমরা সেই কাজ করব। প্রয়োজনে আমাদের এলাকার মন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছে যাব।
আন্দোলনকারি পায়েল নায়েক বলেন, দিদির(অগ্নিমিত্রা পাল) আস্থা রেখেই আমরা ভোট দিয়েছি। উনি নিশ্চয় আমাদের পাশে থাকবেন। নবান্ন ধীবর বলেন, আমরা প্রয়োজনে বড় আন্দোলন করব। বিজেপিকে পাশে থাকতে হবে।-নিজস্ব চিত্র