Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সিবিআইয়ের জবাব তলব হাইকোর্টের

টাকার বিনিময়ে কর্মশিক্ষা এবং শারীরশিক্ষায় চাকরি বিক্রির অভিযোগের প্রেক্ষিতে সিবিআইয়ের কাছে জবাব তলব করল কলকাতা হাইকোর্ট।

সিবিআইয়ের জবাব তলব হাইকোর্টের
  • ২৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টাকার বিনিময়ে কর্মশিক্ষা এবং শারীরশিক্ষায় চাকরি বিক্রির অভিযোগের প্রেক্ষিতে সিবিআইয়ের কাছে জবাব তলব করল কলকাতা হাইকোর্ট। বিষয়টি নিয়ে তদন্ত করছে সিবিআই। চার্জশিটে চাকরি বিক্রির কথা উল্লেখও করেছে তারা। কোন নথির ভিত্তিতে সিবিআই বিষয়টি চার্জ থেকে উল্লেখ করেছে তা জানতে চেয়েছে হাইকোর্ট। 
উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষা এবং শারীরশিক্ষায় ওএমআর শিট প্রকাশের দাবিতে মামলা দায়ের হয়। মঙ্গলবার বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ সিবিআইয়ের চার্জশিটে কর্মশিক্ষা এবং শারীরশিক্ষায় চাকরি বিক্রির বিষয়টি নিয়ে প্রশ্ন তোলে। হাইকোর্টের পর্যবেক্ষণ, ‘উচ্চ প্রাথমিকে কোনও সিবিআই তদন্ত নেই। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই চার্জশিটে দাবি করেছে, টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে কর্মশিক্ষা ও শারীরশিক্ষায়। সিবিআই তদন্ত করতে গিয়ে এমন কিছু নথি বা তথ্য পেয়েছে, যার ভিত্তিতে এমন চার্জশিট দিয়েছে। তদন্তের এই প্রক্রিয়া এবং নথি, তথ্য আদালত জানতে চায়।’ পাশাপাশি বিচারপতি বসুর নির্দেশ, উচ্চ প্রাথমিক কর্মশিক্ষা ও শারীরশিক্ষা নিয়োগের মেধাতালিকা আদালতে পেশ করতে হবে এসএসসিকে। একই সঙ্গে সিবিআইকে জানাতে হবে, কোন নথির ভিত্তিতে তারা চাকরি বিক্রির কথা উল্লেখ করেছে। ১ জুলাই মামলার পরবর্তী শুনানি। 

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ