নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: প্লাস্টিক বিরোধী প্রচারে এবার পুরস্কার ঘোষণা জলপাইগুড়ি জেলা প্রশাসনের। ২ জুলাই, বুধবার জেলার সমস্ত স্কুল পড়ুয়াদের নিয়ে ‘প্লাস্টিক দাও, পুরস্কার নাও’ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক শমা পারভীন। পড়ুয়ারা তাদের বাড়ি এবং এলাকায় পড়ে থাকা প্লাস্টিক সংগ্রহ করে স্কুলে নিয়ে আসবে। সেখান থেকে ওই প্লাস্টিক সংগ্রহ করবে জেলা প্রশাসন।
কোনও পড়ুয়া কত প্লাস্টিক সংগ্রহ করে আনতে পারল, তার হিসেব রাখবে স্কুল। এক্ষেত্রে পড়ুয়াদের পাশাপাশি স্কুলকেও পুরস্কার দেওয়া হবে। যে স্কুল সবচেয়ে বেশি প্লাস্টিক তুলে দিতে পারবে, তাদের ২০ হাজার টাকা পুরস্কার হিসেবে দেবে প্রশাসন। এছাড়াও প্লাস্টিকের পরিমাণের উপর ভিত্তি করে দ্বিতীয় ও তৃতীয় স্কুলকে ১০ হাজার ও ৫ হাজার টাকা দেওয়া হবে। পাশাপাশি প্রতি ব্লক থেকে যে তিনজন পড়ুয়া সবচেয়ে বেশি প্লাস্টিক তুলে দিতে পারবে, তাদের ৩ হাজার, ২ হাজার ও ১ হাজার টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন জেলাশাসক।