নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রীরামপুরের কর্মসূচি নিয়ে জটিলতা অব্যাহত। শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চ এই সংক্রান্ত মামলা ফের সিঙ্গল বেঞ্চে ফেরত পাঠিয়েছে। সিঙ্গল বেঞ্চকে দ্রুত মামলার নিষ্পত্তি করার অনুরোধও করেছেন প্রধান বিচারপতি। মাহেশে একটি কর্মসূচির অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে সভার অনুমতিও দিয়েছিল। বেঞ্চের রায়ের কয়েক ঘণ্টার মধ্যে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। কালীঘাট তৃণমূলের সভার জন্য যে মাঠটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে, তা নিয়ে ব্যাখ্যা চায় তারা। রাজ্যের তরফে আরজি জানানো হয়, বিচারপতি ভট্টাচার্যের নির্দেশের একটি অংশ পরিবর্তন করা হোক। বৃহস্পতিবার বিকালেই মামলাটি শোনে ডিভিশন বেঞ্চ। সেখানে রাজ্যের তরফে আরজি জানিয়ে বলা হয়, ওই মাঠটি ধর্মীয় কাজে ব্যবহার করা হয়। এখানে রাজনৈতিক সভার জন্য কোনো ব্যক্তিকে জোর করতে পারে না পুলিশ। এদিন মামলাটি ফের সিঙ্গল বেঞ্চে পাঠিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।



