নয়াদিল্লি: অনলাইন সংবাদ পোর্টাল ‘নিউজক্লিক’ ও তার প্রধান সম্পাদক প্রবীর পুরকায়স্থর বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা খারিজ করে দিয়েছিল দিল্লি হাইকোর্ট। এবার সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় সংস্থাটির যুক্তি, হাইকোর্ট পিএমএলএ মামলাটি খতিয়ে না দেখেই এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট (ইসিআইআর) বাতিল করে দিয়েছে। এছাড়া রায় ঘোষণার ক্ষেত্রে অস্বাভাবিকভাবে পাঁচ মাস দেরি হয়েছে। তবে এখনও মামলাটি সুপ্রিম কোর্টে তালিকাভুক্ত হয়নি। এর আগে ইডি দাবি করেছিল, সংবাদ পোর্টালটি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) ঊর্ধ্বসীমা এড়ানোর জন্য শেয়ারের মূল্য অত্যধিক বাড়িয়ে দেখায়। এছাড়া নিউজক্লিক এবং প্রবীরের বিরুদ্ধে আরও বেশ কিছু অভিযোগ ওঠে। প্রাথমিকভাবে দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং একটি মামলা দায়ের করে। তার সূত্র ধরেই নিউজক্লিক, প্রবীর ও অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা দায়ের করে ইডি। বিষয়টিকে বেআইনি আখ্যা দিয়ে মামলা খারিজ করেন দিল্লি হাইকোর্টের বিচারপতি নীনা বনশল কৃষ্ণা।



