নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: পুজোর মরশুমে জেলার সদর শহর পুরুলিয়ার ভিতর দিয়ে পণ্যবাহী যান চলাচলে রাশ টানল পুরুলিয়া জেলা পুলিশ। জানা গিয়েছে, ষষ্ঠী থেকে কার্নিভাল পর্যন্ত বিকাল ৩টা থেকে রাত ৩টা পর্যন্ত শহরের রাস্তা দিয়ে পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছে। শুক্রবার পুলিশ লাইনে এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিক বৈঠকের শুরুতেই জেলার পৃথক চারটি শহরের পুজোর গাইড ম্যাপের উদ্বোধন করা হয়। সেইসঙ্গে অনলাইন গাইড ম্যাপেরও উদ্বোধন করা হয়। জেলা পুলিশ সুপার বলেন, এবছরও দর্শনার্থীদের জন্য একাধিক জায়গায় পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ তৈরি করছি। পুজো গাইড ম্যাপের উদ্বোধন করা হল। জেলাবাসীর কাছে আবেদন, ভালোভাবে পুজো উপভোগ করুন। আপনার আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয়। আদালত, সরকার ও জেলা পুলিশের নির্দেশবলী ও বিধিনিষেধ মেনে চলুন।
পুজোর মরশুমে জেলার সদর শহরে যানজট রুখতে জেলা পুলিশের তরফে একাধিক রাস্তা ‘নো ভেহিক্যাল রুট’ হিসেবে চিহ্নিত হয়েছে। যানজট সমস্যা এড়াতে জেলা পুলিশের তরফে পণ্যবাহী গাড়ির পাশাপাশি টোটো সহ অটো, ম্যাজিক গাড়ি ও মোটর সাইকেলের গতিবিধিতেও রাশ টানা হয়েছে। যেসব রাস্তায় বিধি বলবৎ হবে সেগুলি হল, পোস্ট অফিস মোড় থেকে গোশালা, পোস্ট অফিস মোড় থেকে রথতলা, পোস্ট অফিস মোড় থেকে হাটের মোড়, পুরুলিয়া রেল স্টেশন থেকে ভগৎ সিং মোড়, ভিক্টোরিয়া থেকে দুলমি এবং সাধুডাঙ্গা থেকে রথতলা পর্যন্ত এলাকা। ষষ্ঠী থেকে কার্নিভাল পর্যন্ত প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৩টা পর্যন্ত মোট ছ›টি রুটে এই বিধিনিষেধ জারি থাকবে। সেইসঙ্গে মানবাজার ও বান্দোয়ানের দিক থেকে আসা পুরুলিয়া শহরগামী গাড়িগুলি শিমুলিয়া মোড়, বেলগুমা, পাতকুম হয়ে ঢুকবে। ষষ্ঠী থেকে কার্নিভাল পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর হবে। অন্যদিকে, অষ্টমী ও নবমীতে পুরুলিয়া শহরগামী সমস্ত যাত্রীবাহী গাড়ি বিকাল ৪টা থেকে রাত ২টা পর্যন্ত ভাঙ্গড়া, বটতলা থেকে ছররা চার সড়ক, আইমুন্ডি, চাকরা, জজ বাংলো হয়ে শহরে ঢুকবে।
পুজোর মরশুমে জেলাজুড়ে শান্তি বজায় রাখতে সরকারি সমস্ত বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দিয়েছেন জেলা পুলিশ সুপার। সেইসঙ্গে ডিজে সহ শব্দবাজির দাপট রোখার ক্ষেত্রে সাধারণ মানুষকে সচেতন থাকার বার্তাও দিয়েছেন।