সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ ব্লকের ভাবুক এবং যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় রঞ্জ ফরেস্টকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সেজন্য ওই ফরেস্ট সরেজমিনে খতিয়ে দেখেছেন স্থানীয় বিধায়ক গোপাল চন্দ্র সাহা, বিডিও অনীক রায়, বন এবং ভূমিদপ্তরের কর্তারা। বিধায়ক সহ প্রশাসনের কর্তারা ফরেস্টের বিভিন্ন দিক ঘুরে দেখে বৈঠকও করেন। এলাকার মানুষের সঙ্গে কথা বলেন। সূত্রের খবর, ইকো পার্কের আদলে ওই জায়গাটি ঢেলে সাজানো হবে। বর্ষায় ওই ফরেস্টের একাংশ ডুবে থাকে। সেজন্য কীভাবে সেখানে কাজ করা যাবে, আগামী দিনে সেগুলি বাস্তবায়ন করতে আবারও বৈঠক হবে। ফরেস্টের ভিতরে পাকা রাস্তা সহ অন্যান্য পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হয়েছে।
বিধায়ক গোপাল সাহা জানিয়েছেন, রঞ্জ ফরেস্ট অনেক বড়ো। জায়গাটি ট্যুরিস্ট স্পট হিসেবে তুলে ধরতে চেষ্টা চলছে। বিভিন্ন আধিকারিক জায়গাটি খতিয়ে দেখেছেন। আগামী দিনে কী কী পদক্ষেপ করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে।
মালদহ জেলার অন্যতম ফরেস্ট আদিনা। সেখানে হরিণ, নীলগাই, পশুপাখি রয়েছে। শীতে বহু পর্যটক এখানে আসে। ১২ নম্বর জাতীয় সড়কের ধারে রঞ্জ ফরেস্টকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি দীর্ঘদিনের। শীতের মরশুমে জেলার বিভিন্ন জায়গা থেকে এখানে পিকনিক করতে আসেন বহু মানুষ। স্থানীয়দের আশা, এই ফরেস্টকেও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুললে আরও মানুষ আসবে। এলাকার মানুষেরও কর্মসংস্থান হবে। বিডিও বলেন, ফরেস্ট ঘুরে দেখা হয়েছে। জায়গাটিকে ট্যুরিস্ট স্পট হিসেবে তুলে ধরতে বনদপ্তরের সঙ্গে আলোচনা করে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে।