লন্ডন: সোমবার শুরু ঐতিহ্যের উইম্বলডন। সবুজ ঘাসে হলুদ বলের স্ফুলিঙ্গ ছোটাতে তৈরি টেনিস তারকারা। তার উপর সদ্য শেষ হওয়া ফারাসি ওপেনের ফাইনালে সিনার-আলকারাজের নাটকীয় দ্বৈরথ উন্মাদনায় নতুন জোয়ার এনেছে। অল ইংল্যান্ড ক্লাবেও দুই তারকার সাক্ষাতের অপেক্ষায় গোটা বিশ্ব। তার সঙ্গে রয়েছে নোভাক জকোভিচের ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের হাতছানি। ফরাসি ওপেনে দুরন্ত লড়েও শেষ চারে বিদায় নিতে হয়েছিল জোকারকে। উইম্বলডনে সেই দুঃখ ভুলতে চাইবেন সার্বিয়ান মহারথী।
সোমবার টুর্নামেন্টের প্রথম দিনেই সেন্টার কোর্টে নামছেন আলকারাজ। রাফায়েল নাদালের পর স্প্যানিশ টেনিসের ব্যাটন এখন তাঁর হাতে। একটা সময় ফেডেরার-নাদাল দ্বৈরথ ছিল উইম্বলডনের বিশেষ আকর্ষণ। এখন রাফার জায়গা নিয়েছেন আলকারাজ। গতবার জকোভিচকে হারিয়ে অল ইংল্যান্ড কোর্টের রাজা হয়েছিলেন তিনি। এবার তাঁর সামনে খেতাব ধরে রাখার লড়াই। পিছিয়ে থেকেও ফরাসি ওপেন জয়ের পর আলকারাজের আত্মবিশ্বাসও তুঙ্গে। প্রথম ম্যাচে দ্বিতীয় বাছাই তারকার প্রতিপক্ষ ইতালির ফ্যাবিও ফগনিনি। লন্ডনে পা রাখার পর রীতিমতো ফুরফুরে মেজাজে আলকারাজ। ব্রিটেনের মহিলা তারকা রাদুকানুর সঙ্গে প্রায়শই ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে তাঁকে। প্র্যাকটিসও করছেন এক সঙ্গে। আর তা দেখে টেনিস সার্কিটে জোর গুঞ্জন চলছে দুই তারকার সম্পর্কের রসায়ন নিয়ে। তবে সেসব উড়িয়ে দিয়েছেন রাদুকানু। তাঁর সাফাই, ‘আমরা ভালো বন্ধু। সে জন্য বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনে একসঙ্গে ডাবলস খেলার পরিকল্পনা রয়েছে। তারই প্রস্তুতি চলছে।’