নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গাড়ির উপর থেকে জিএসটির ভার অনেকটাই কমিয়েছে জিএসটি কাউন্সিল। তার জেরে উৎসবের মাস অক্টোবরে গাড়ির বাজার যথেষ্ট চাঙ্গা ছিল। নভেম্বরেও গাড়ি শিল্পে সেই সুখবর বজায় রইল। সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাচারার্স (সিয়াম) জানিয়েছে, ২০২৪ সালের নভেম্বরের তুলনায় গতমাসে সবরকমের গাড়ির বিক্রি বেড়েছে।
গতমাসে যাত্রীবাহী গাড়ি বিক্রি হয়েছে দেশে প্রায় ৪ লক্ষ ১২ হাজার। গতবছর নভেম্বরে তা ছিল ৩ লক্ষ ৪৮ হাজার। বিক্রয় বৃদ্ধির হার প্রায় ১৯ শতাংশ। ভালো বাজার পেয়েছে দু’চাকা গাড়িও। যেখানে গতবছর নভেম্বরে স্কুটার, মপেড ও বাইক মিলিয়ে প্রায় ১৬ লক্ষ ৫ হাজার গাড়ি বিক্রি হয়েছিল, গতমাসে তা ২১.২ শতাংশ বেড়ে প্রায় ১৯ লক্ষ ৪৪ হাজারে পৌঁছেছে। এর মধ্যে বাইকের বিক্রি সবচেয়ে বেশি। সেই সংখ্যা ১১ লক্ষ ৬৪ হাজার। শুধু বাইক বিক্রি বেড়েছে ১৭.৫ শতাংশ, জানিয়েছে সিয়াম। যাত্রীবাহী অটোসহ তিনচাকা গাড়িও ২১.৩ শতাংশ বেড়ে ৭২ হাজারে পৌঁছেছে। সিয়ামের আশা, আপাতত এই গাড়ি শিল্পের বাজার চাঙ্গা থাকবে।