নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাত্রীবাহী গাড়ির বাজার কিছুটা ধাক্কা খেল দেশজুড়ে। তবে দু’চাকা গাড়ি বিক্রির অঙ্ক আশার আলো দেখাচ্ছে গাড়ি শিল্পকে। তাই সব মিলিয়ে মে মাসের বিক্রিবাটার হার নিয়ে মোটের উপর খুশি শিল্পমহল। ২০২৪ সালের মে মাসের সঙ্গে গত মাসের গাড়ি বিক্রির তুল্যমূল্য হিসেব দেখে একথা জানিয়েছে গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলির সংগঠন সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স বা সিয়াম। গাড়ি সংস্থাগুলি থেকে শোরুমে যে গাড়ি বিক্রি হয়েছে, তার নিরিখেই এই হিসেব পেশ করেছে তারা। অর্থাৎ পাইকারি বাজারে গাড়ি বিক্রি বেড়েছে বলে দাবি করেছে ওই সর্বভারতীয় সংগঠন।
সিয়ামের হিসেব, গত মাসে দেশে যাত্রীবাহী গাড়ি বিক্রি হয়েছে প্রায় ৩ লক্ষ ৪৫ হাজার। গত বছর, অর্থাৎ ২০২৪-এর মে মাসে সেই অঙ্ক ছিল প্রায় ৩ লক্ষ ৪৭ হাজার। তবে সার্বিকভাবে বিক্রি বেড়েছে দু’চাকা গাড়ির। ২০২৪ সালের মে মাসে দ্বিচক্র যান বিক্রি হয়েছিল প্রায় ১৬ লক্ষ ২০ হাজার। আর গত মাসে তা দাঁড়ায় প্রায় ১৬ লক্ষ ৫৬ হাজারে। গত বছর মে মাসে যেখানে স্কুটার ও স্কুটির বিক্রি ছিল ৫ লক্ষ ৪১ হাজার, সেখানে গত মাসে বিক্রি হয়েছে প্রায় ৫ লক্ষ ৮০ হাজার। গত মাসে মোটরসাইকেল বিক্রির সংখ্যা ছিল প্রায় ১০ লক্ষ ৩৯ হাজার। এই সংখ্যায় বিরাট কোনও হেরফের হয়নি বলেই জানাচ্ছে সিয়াম।
গাড়ি প্রস্তুতকারক সংগঠনটির কর্তাদের বক্তব্য, যাত্রীবাহী গাড়ির ক্ষেত্রে মে মাসের বাজার যে খুব ভালো যায়, তা নয়। সেই হিসেবে গত বছরের তুলনায় বিক্রি সামান্য কমলেও মোটের উপর বিক্রিবাটা ঠিক আছে। চলতি অর্থবর্ষের বাকি সময়ে বাজার আরও ভালো যাবে বলে আশা তাঁদের। দেশজুড়ে ভালো বর্ষার সম্ভাবনা সেই সম্ভাবনা আরও বাড়িয়েছে। এবার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সুষ্ঠু বর্ষা হবে। এর ফলে সামগ্রিক ফসল উৎপাদন বাড়লে চাঙ্গা হবে অর্থনীতি। পাশাপশি, গত কয়েক মাসের তফাতে রিজার্ভ ব্যাঙ্ক ১০০ বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছে। যেহেতু এই রেটের উপর অনেকটাই নির্ভর করে গাড়ি ঋণের সুদের হার, তাই সুদ কমলে আরও বেশি করে গ্রাহক গাড়ি কেনার দিকে ঝুঁকবেন বলে মনে করা হচ্ছে।