সংবাদদাতা, বেলদা: আসানসোল থেকে দীঘায় যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার সকালে পশ্চিম মেদিনীপুরের বেলদায় জাতীয় সড়কে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল একটি চারচাকা গাড়ির ৪ জন আরোহীর। তাঁদের মধ্যে চালকও আছেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মৃতদের প্রত্যেকে আসানসোলের করুণাময়ী আবাসনের বাসিন্দা। তাঁদের মধ্যে জনৈক হিমাদ্রিশেখর পাত্র পশ্চিম বর্ধমান জেলা শিক্ষা সেলের প্রাক্তন সভাপতি ছিলেন। ভোরে চালকের ঘুম পেয়ে যাওয়ায় এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের।
প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, গতকাল রাতে একটি গাড়িতে চেপে দীঘার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন আসানসোলের চার জন। ওড়িশা হয়ে তাঁদের দীঘায় যাওয়ার ভাবনা ছিল বলে মনে করা হচ্ছে। যে কারণে ১৬ নম্বর জাতীয় সড়ক ধরেছিলেন। কিন্তু আজ সকাল ৬টা ১৫ নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে চারচাকার গাড়িটি উল্টো দিকের লেনে চলে যায়। সে সময় ওড়িশা থেকে টমেটো বোঝাই একটি লরি আসছিল। দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় চারচাকা গাড়ির চালক সহ চার জন আরোহীরই। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় ন্যাশনাল হাইওয়ে অথরিটির উদ্ধারকারী ভ্যান ও বেলদা থানার পুলিস। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দু’টি উদ্ধার করা হয়। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার জেরে এদিন সকালে গুরুত্বপূর্ণ এই রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়।