Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ব্যাটারদের সতর্কবার্তা ক্যাপ্টেন সূর্যর, দিল্লিতে গম্ভীরের বাড়িতে নৈশভোজে দল, বৃহস্পতিবার প্রতিপক্ষ নামিবিয়া

বিশ্বকাপ অভিযানের শুরুটা যতটা সহজে হবে ভাবা হয়েছিল, একদমই তা হয়নি।

ব্যাটারদের সতর্কবার্তা ক্যাপ্টেন সূর্যর, দিল্লিতে গম্ভীরের বাড়িতে নৈশভোজে দল, বৃহস্পতিবার প্রতিপক্ষ নামিবিয়া
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বিশ্বকাপ অভিযানের শুরুটা যতটা সহজে হবে ভাবা হয়েছিল, একদমই তা হয়নি। বরং ওয়াংখেড়েতে আমেরিকার বিরুদ্ধে একসময় ধুঁকছিল ভারত। ৭৭ রানে পড়ে যায় ছয় উইকেট। খাদের কিনারা থেকে দলকে টেনে তোলেন সূর্যকুমার যাদব। তাঁর অধিনায়কোচিত ইনিংসে শেষ পর্যন্ত মুখরক্ষা হয়। টি-২০ বিশ্বকাপে টানা জয়ের (৯) রেকর্ডও গড়ে ভারত। কোনও দল এই প্রতিযোগিতায় এত লম্বা মেয়াদে অপরাজিত থাকেনি। তবে আত্মতুষ্টির জায়গা নেই। আমেরিকা যেভাবে দুরুদুরু কাঁপুনি ধরিয়ে দিয়েছিল, তা অবশ্য ভুলছে না ভারতীয় শিবির। এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে এগতে চাইছেন সূর্যকুমার যাদবরা। ব্যাটারদের স্মার্ট হতে হবে, বার্তা দিয়েছেন অধিনায়ক। উল্টোদিকে পরপর উইকেট পড়ায় তিনি যে মারাত্মক চাপে পড়ে গিয়েছিলেন, স্বীকার করেন তাও। ভারতের পরের ম্যাচ বৃহস্পতিবার। নামিবিয়ার বিরুদ্ধে খেলার জন্য এদিনই রাজধানীতে চলে এল দল। রাতে কোচ গৌতম গম্ভীরের বাড়িতে নৈশভোজেও হাজির ক্রিকেটাররা। সেখানে হাল্কা মেজাজে দেখা গেল সকলকে। সোমবার ছুটি, মঙ্গলবার অনুশীলনে ফিরবেন সূর্যরা।
এখানেই শিবিরে যোগ দেওয়ার কথা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের। পেশির চোটের জন্য বেশ কিছুদিন তিনি মাঠের বাইরে। তাঁর ফেরা অবশ্যই স্বস্তি আনছে। তবে যশপ্রীত বুমরাহ ও অভিষেক শর্মার অসুস্থতা নিয়ে উদ্বেগ কাটেনি। জ্বর হওয়ায় শনিবার খেলতেই পারেননি ‘বুমবুম’। গম্ভীরের বাড়িতে যদিও মেজাজেই দেখা গেল তাঁকে। অভিষেক শনিবার খেললেও অসুস্থ হয়ে পড়েন। তবে নামিবিয়ার বিরুদ্ধে খেলতে সম্ভবত অসুবিধা হবে না। 

Advertisement


এরমধ্যেই চলছে আমেরিকা ম্যাচের কাটাছেঁড়া। ওয়াংখেড়ের বাইশ গজ নিয়ে অক্ষর প্যাটেল বলেছেন, ‘এখানে সাধারণত পাটা পিচ হয়। সেজন্যই অবাক হয়ে পড়েছিলাম।’ হর্ষিত রানার জায়গায় শুক্রবারই বিশ্বকাপের স্কোয়াডে ডাক পাওয়া মহম্মদ সিরাজ অবশ্য ভরসা দিচ্ছেন সমর্থকদের। সুযোগ কাজে লাগিয়ে আমেরিকার বিরুদ্ধে তিন উইকেট নেন তিনি। মজার হল, স্পেনে গিয়ে রিয়াল মাদ্রিদের খেলা দেখার জন্য টিকিট কাটা ছিল সিরাজের। এমন সময়েই সূর্যর ফোন পান তিনি। ক্যাপ্টেন বলেন, ‘মিঞা, ব্যাগ প্যাক করে এখনই মুম্বই চলে আয়।’ বিস্মিত সিরাজ বলেন, ‘ভাই, মজা করিস না। এটা কী করে সম্ভব!’ এবার সূর্যর গলা গম্ভীর, ‘না, না মজা করছি না। সত্যিটাই বলছি। তৈরি হয়ে নে।’ এরপর জাতীয় নির্বাচক প্রজ্ঞান ওঝা ফোন করে তাঁকে স্কোয়াডে আসার খবর দেন। সিরাজ বলেছেন, ‘বিশ্বকাপে খেলার কথা ভাবিইনি। বুঝতে পেরেছিলাম বিশ্বকাপের পরিকল্পনায় আমি নেই।’

Advertisement
সম্পর্কিত সংবাদ