Bartaman Logo
৩০ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

নেতৃত্ব কেন কেড়ে নেওয়া হল, বুঝতে পারেননি সূর্য

টি-২০ বিশ্বকাপ জয়ী অধিনায়ক বাদ পরের সিরিজেই! আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজে সূর্যকুমার যাদবকে ছেঁটে ফেলেন জাতীয় নির্বাচকরা।

নেতৃত্ব কেন কেড়ে নেওয়া হল, বুঝতে পারেননি সূর্য
  • ৩০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: টি-২০ বিশ্বকাপ জয়ী অধিনায়ক বাদ পরের সিরিজেই! আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজে সূর্যকুমার যাদবকে ছেঁটে ফেলেন জাতীয় নির্বাচকরা। পরিবর্তে শ্রেয়স আয়ারকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়। কয়েক মাস কেটে গেলেও সূর্যকে রক্তাক্ত করে তা। আকাশ চোপড়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সূর্য বলেছেন, ‘শ্রেয়স ভালো খেলোয়াড়, ভালো মানুষ ও ক্যাপ্টেনও। তাই ওকে কেন ক্যাপ্টেন করা হল, সেই ভাবনা ক্ষত-বিক্ষত করেনি। তবে প্রচণ্ড হতাশ হয়েছিলাম। কারণ, গত দু’বছরে নেতা হিসেবে কোনো সিরিজ হারিনি। বরং বিশ্বকাপ ছাড়াও জিতেছিলাম এশিয়া কাপ। এই দলকে আরও দু’বছর নেতৃত্ব দেওয়ার জন্য মানসিকভাবে তৈরি ছিলাম। ওলিম্পিকসের কথা মাথায় ছিল। পরের টি-২০ বিশ্বকাপও দু’বছর পরে। সেই চ্যালেঞ্জের দিকেও তাকিয়ে ছিলাম। সবকিছুই ঠিকঠাক চলার পরও কেন কেড়ে নেওয়া হল নেতৃত্ব, বুঝতে পারিনি। এই প্রশ্নটাই খোঁচাচ্ছিল। পরের দেড় মাস বাড়ি থেকেই বের হইনি।’

Advertisement

বাদ পড়ার খবরটা পেয়ে ঠিক কেমন লেগেছিল? ৩৫ বছর বয়সি শুনিয়েছেন, ‘ভাবতেই পারিনি এমনটা হবে। দলে নাম নেই শুনে প্রথমে হেসেছিলাম। আসলে গত দু’বছরে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হিসাবে কঠিন পরিস্থিতিতে পড়লে রিল্যাক্স থাকার জন্য হেসে উঠতাম। দল ঘোষণার ২-৩ দিন আগেই অবশ্য আমাকে নির্বাচকরা ফোন করে বাদ দেওয়ার ইঙ্গিত দেয়। আমি প্রতিক্রিয়া দেখাইনি। কারণ, নিশ্চয়ই দলের ভালোর কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘোষণার পর বাড়িতে বন্ধু, পরিবারের সদস্যরা অনেকেই এসে সান্ত্বনা জানায়। বলে, বাদ পড়া জীবনেরই অঙ্গ। তবে ওরা চলে যাওয়ার পর বেশ খারাপই লেগেছিল।’

Advertisement
সম্পর্কিত সংবাদ