Bartaman Logo
৩০ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

আজ শুরু ইউএস ওপেন, মধুর প্রত্যাবর্তনের আশায় আলকারাজ

ডান হাঁটুতে চোটের জন্য জানিক সিনার নেই। তাই রবিবার শুরু হতে চলা ইউএস ওপেনে আগ্রহের কেন্দ্রবিন্দুতে কার্লোস আলকারাজ। ডান কবজিতে চোটের জন্য চার মাসেরও বেশি কোর্টের বাইরে ছিলেন স্প্যানিশ তারকা।

আজ শুরু ইউএস ওপেন, মধুর প্রত্যাবর্তনের আশায় আলকারাজ
  • ৩০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউইয়র্ক: ডান হাঁটুতে চোটের জন্য জানিক সিনার নেই। তাই রবিবার শুরু হতে চলা ইউএস ওপেনে আগ্রহের কেন্দ্রবিন্দুতে কার্লোস আলকারাজ। ডান কবজিতে চোটের জন্য চার মাসেরও বেশি কোর্টের বাইরে ছিলেন স্প্যানিশ তারকা। ফরাসি ওপেন এবং উইম্বলডনে নামতে পারেননি তিনি। ২৩ বছর বয়সির চোট সারিয়ে ফিরে সোমবারই প্রথম সিঙ্গলসে কোনো প্রতিযোগিতায় নামবেন। আর্থার অ্যাশ স্টেডিয়ামে প্রথম রাউন্ডে তাঁর প্রতিদ্বন্দ্বী রাশিয়ার রোমান সাফিউলিন। তার আগে গতবারের চ্যাম্পিয়ন আলকারাজ বলেছেন, ‘লড়াইয়ের জন্য তৈরি। তবে এই আসরে নামার সিদ্ধান্তটা সহজ ছিল না। প্রস্তুত হওয়ার জন্য তাই সবরকম চেষ্টা করেছি।’

Advertisement

সিনারের সঙ্গে তাঁর লড়াই অবশ্য ইউএস ওপেনেও হচ্ছে না। আলকারাজও কিছুটা বিষণ্ণ, ‘সাত মাস হয়ে গেল আমাদের দ্বৈরথ থেমে রয়েছে। সত্যি বলতে, অদ্ভুতই লাগছে।’ চোট সারিয়ে প্রত্যাবর্তনকে মধুর করাই এখন লক্ষ্য তাঁর। তবে নিজের উপর প্রত্যাশার চাপ চাপাতে চাইছেন না। বলেছেন, ‘নির্দিষ্ট কোনো টার্গেট সামনে রাখছি না। যে পদ্ধতি মেনে চলছি, তাতেই নজর রয়েছে। উপভোগ করতে চাই প্রতিটি মুহূর্ত।’ উল্লেখ্য, ইউএস ওপেনে পুরুষদের সিঙ্গলসে আলকারাজ দ্বিতীয় বাছাই। প্রথম বাছাই আলেকজান্ডার জেরেভ অভিযান শুরু করবেন লোরেঞ্জো সোনেগোর বিরুদ্ধে ম্যাচের মাধ্যমে। হার্ড কোর্টের এই আসরে অংশ নেবেন নোভাক জকোভিচও। তিনি চতুর্থ বাছাই। জোকারের প্রথম প্রতিদ্বন্দ্বী মারিয়ানো নাভোনে।

Advertisement
সম্পর্কিত সংবাদ