নয়াদিল্লি: শুভমান গিলের প্রতিভা নিয়ে সংশয়ের অবকাশ কোনওদিনই ছিল না। তবে নেতৃত্ব পাওয়ার পর দুর্ধর্ষ ফর্মে দেখা যাচ্ছে তাঁকে। ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টে ৭৫৪ রানের পর দেশের মাটিতেও আগুনে ফর্ম অব্যাহত। শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে দুরন্ত শতরানের পথে গিল গড়লেন একাধিক রেকর্ড। ছুঁয়ে ফেললেন বিরাট কোহলিকেও। অধিনায়ক হিসেবে ভিকে’র পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এক বছরে ৫টি শতরান হল তাঁর। কোহলির অবশ্য এই কীর্তি দু’বার (২০১৭ ও ২০১৮) রয়েছে।
নেতা হিসেবে পাঁচটি শতরানের জন্য ১২ ইনিংস লেগেছে গিলের। এই তালিকায় তাঁর আগে রয়েছেন অ্যালিস্টার কুক (৯ ইনিংস) ও সুনীল গাভাসকর (১০ ইনিংস)। ম্যাচের সংখ্যার নিরিখে অবশ্য ডন ব্র্যাডম্যানকে স্পর্শ করেছেন ভারত অধিনায়ক। দু’জনেরই ৭ টেস্টে ৫টি শতরান। অন্তত সাতটি ম্যাচে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের গড়ের নিরিখে দ্বিতীয় স্থানে আছেন গিল (৮৪.৮১)। শীর্ষে ব্র্যাডম্যান (১০১.৫১)। তাছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপে অন্তত ২০০০ রান করেছেন এমন তালিকাতেও শীর্ষে গিল (২৭৫০ রান)। স্কোরবোর্ডে ঝড় তোলার পাশাপাশি ভক্তকদের হৃদয়েও আলোড়ন তুলেছেন তিনি। এদিন গ্যালারি থেকে প্রেম প্রস্তাব পান গিল। পোস্টারের মাধ্যমে তাঁকে প্রেম নিবেদন করেন এক সুন্দরী ফ্যান।