Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

দত্তপুকুরে গাঁজার রমরমা! ছোটো দোকানের আড়ালে বড়ো কারবার

ছোটো দোকান। সামনে পান, সিগারেট, চা-বিস্কুট বিক্রি হচ্ছে। কিন্তু অভিযোগ, সন্ধ্যা নামলেই সেখান থেকে গোপনে বিক্রি হয় গাঁজার ছোটো প্যাকেট

দত্তপুকুরে গাঁজার রমরমা! ছোটো দোকানের আড়ালে বড়ো কারবার
  • ১০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ছোটো দোকান। সামনে পান, সিগারেট, চা-বিস্কুট বিক্রি হচ্ছে। কিন্তু অভিযোগ, সন্ধ্যা নামলেই সেখান থেকে গোপনে বিক্রি হয় গাঁজার ছোটো প্যাকেট। দত্তপুকুর থানা এলাকার বিভিন্ন প্রান্তে ছোটো দোকান ও গুমটির আড়ালে এভাবেই দেদার গাঁজা বিক্রি চলছে। বিশেষ করে কদম্বগাছিতে এই কারবারের রমরমা বেশি। রবিবার বিকালে সেখানে স্থানীয় বাসিন্দারা ব্যাগভর্তি গাঁজা সহ এক ব্যক্তিকে গণপিটুনির পর পুলিশের হাতে তুলে দেন।

Advertisement

জানা গিয়েছে, কদম্বগাছি, পূর্ব ইছাপুর, স্টেশন সংলগ্ন এলাকা, ধর্মতলা, হেমন্ত বসু নগর সহ দত্তপুকুর থানা এলাকার একাধিক জায়গা থেকে এমন অভিযোগ আসছে। সাধারণত ছোটো দোকানেই এই কারবার চলছে। বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই, ভিতরে কী চলছে। পরিচিত ক্রেতা এলেই শুরু হচ্ছে ইশারায় কথাবার্তা। তারপর দোকানের ভিতর কিংবা আশপাশ থেকে নেশার সামগ্রী বেরিয়ে আসছে। স্থানীয় বাসিন্দাদের আরও দাবি, শুধু গাঁজাই নয়, কয়েকটি জায়গায় মদ এবং হেরোইন-সহ অন্যান্য নেশার সামগ্রীও বিক্রি হচ্ছে। এর সঙ্গেই রয়েছে জুয়া-সাট্টার ঠেক।
স্থানীয় বাসিন্দারা জানালেন, সন্ধ্যার পর কয়েকটি দোকানের আলো কমিয়ে বা বন্ধ করে মোটা পর্দা টাঙিয়ে ভিতরে বসানো হয় আসর। কারা এতে মদত দিচ্ছে, সেই প্রশ্নও তুলছেন তাঁরা। কদম্বগাছির বাসিন্দা দেবা বিশ্বাস বলেন, দিনের বেলায় সাধারণ দোকান। সন্ধ্যার পরেই আসল কারবার শুরু হয় বলে আমাদের অভিযোগ। দীর্ঘদিন ধরে বিষয়টি চলছে। পুলিশকে জানিয়েও স্থায়ী সমাধান হয়নি। আরেক বাসিন্দা রাইমা বিবি বলছেন, পুলিশের শীর্ষমহলে অভিযোগ জানিয়েও এই কারবার বন্ধ হয়নি। রবিবার একজনকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ জেনে বুঝেও চুপ থাকে। আর কোনো রাজনৈতিক দলও এর বিরুদ্ধে পদক্ষেপ করে না। ফলে  এর বাড়বাড়ন্ত চলছেই। যদিও পুলিশের এক অফিসার জানিয়েছেন, এনিয়ে পদক্ষেপ করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ