Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

ডিএলএড পরীক্ষা দিতে গিয়ে হেনস্তা, পোশাক খুলিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি

পরীক্ষা দিতে গিয়ে পোশাক খুলে তল্লাশির শিকার হতে হল সাঁকরাইল গার্লস হাইস্কুলে। প্রাথমিক শিক্ষকদের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন (ডিএলএড) পরীক্ষা কেন্দ্রে মহিলা পরীক্ষার্থীদের অন্তর্বাস পর্যন্ত খুলিয়ে তল্লাশি, শরীরের স্পর্শকাতর অংশে হাত দেওয়া এবং সেই দৃশ্য ভিডিও করার অভিযোগ উঠেছে।

ডিএলএড পরীক্ষা দিতে গিয়ে হেনস্তা, পোশাক খুলিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: পরীক্ষা দিতে গিয়ে পোশাক খুলে তল্লাশির শিকার হতে হল সাঁকরাইল গার্লস হাইস্কুলে। প্রাথমিক শিক্ষকদের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন (ডিএলএড) পরীক্ষা কেন্দ্রে মহিলা পরীক্ষার্থীদের অন্তর্বাস পর্যন্ত খুলিয়ে তল্লাশি, শরীরের স্পর্শকাতর অংশে হাত দেওয়া এবং সেই দৃশ্য ভিডিও করার অভিযোগ উঠেছে। একইভাবে পুরুষ পরীক্ষার্থীদেরও জামা-ট্রাউজার খুলিয়ে তল্লাশি করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় ক্ষুব্ধ মহিলা পরীক্ষার্থীদের একাংশ সাঁকরাইল থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশ।

Advertisement

গত ৮ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ওই কেন্দ্রে পরীক্ষা হয়েছে। টোকাটুকি রুখতে পরীক্ষার্থীদের তল্লাশির দায়িত্ব ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন কাউন্সিলের তরফে একটি বেসরকারি এজেন্সিকে দেওয়া হয়েছিল। মহিলা পরীক্ষার্থীদের অনেকের অভিযোগ, কয়েকজন মহিলা বাউন্সার তল্লাশির নামে তাঁদের পোশাক এবং অন্তর্বাস খুলতে বাধ্য করেন। প্রতিবাদ জানানো হলেও তাতে কর্ণপাত করা হয়নি। এক মহিলা পরীক্ষার্থীর আরও অভিযোগ, অন্তর্বাস খুলিয়ে তল্লাশির পাশাপাশি গোপনাঙ্গে হাতও দেওয়া হয়। প্রতিবাদ করলে সেই তল্লাশির ভিডিও করা হয়।
কয়েকদিন ধরে এমন ঘটনায় বিরক্ত হয়ে শুক্রবার রাতে সাঁকরাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কয়েকজন পরীক্ষার্থী। শুধু মহিলারাই নন, পুরুষ পরীক্ষার্থীদেরও একইভাবে পোশাক খুলিয়ে তল্লাশি করা হয়েছে বলে অভিযোগ। এক পরীক্ষার্থীর দাবি, তাঁদের জামা- ট্রাউজার পর্যন্ত খুলিয়ে পরীক্ষা করা হয়েছে। অভিযোগ সামনে আসতেই হাওড়া সিটি পুলিশের কর্তারা স্কুলে গিয়ে পরীক্ষার্থী ও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। হাওড়া সিটি পুলিশের এক অফিসার জানান, নিয়ম অনুযায়ী মহিলা পরীক্ষার্থীদের মহিলা দিয়ে এবং পুরুষদের পুরুষ কর্মীদের দিয়েই তল্লাশি করার কথা। নিয়ম ভেঙে কিছু ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান তথা জেলা প্রাথমিক স্কুল পরিদর্শক দিলীপকুমার সাহা বলেন, ইতিমধ্যেই বিষয়টি নজরে এসেছে। সোমবার জেলা শিক্ষাদপ্তরের তরফে একটি প্রতিনিধি দল ওই স্কুলে যাবে। অন্যদিকে, সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ এই বিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ