Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

খালিস্তানি জঙ্গিরা আর্থিক মদত পাচ্ছে ভারতের দাবিকে মান্যতা কানাডার

কানাডার মাটি থেকে ভারত বিরোধী খালিস্তানি শক্তিগুলি ডালপালা ছড়াচ্ছে। পাচ্ছে আর্থিক মদত। অবশেষে কানাডার সরকারি রিপোর্টেই তা স্বীকার করে নেওয়া হল।

খালিস্তানি জঙ্গিরা আর্থিক মদত পাচ্ছে ভারতের দাবিকে মান্যতা কানাডার
  • ৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ওটাওয়া (পিটিআই): কানাডার মাটি থেকে ভারত বিরোধী খালিস্তানি শক্তিগুলি ডালপালা ছড়াচ্ছে। পাচ্ছে আর্থিক মদত। অবশেষে কানাডার সরকারি রিপোর্টেই তা স্বীকার করে নেওয়া হল। সন্ত্রাসে আর্থিক মদত সংক্রান্ত সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে দু’টি খালিস্তানি সংগঠনের নামও। ঘটনাচক্রে, ভারতের উদ্বেগ প্রকাশ সত্ত্বেও কানাডার পূর্বতন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকার সেদেশের খালিস্তানি গতিবিধি নিয়ে চোখ বন্ধ করে ছিল। একটা সময় এই ইস্যুতে দুই দেশের মধ্যে কূটনৈতিক সংঘাতও চরমে পৌঁছে যায়। তবে ক্ষমতা বদলের পর বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নির সরকার কানাডার মাটি থেকে খালিস্তানি সংগঠনগুলির অর্থ সংগ্রহের সত্যতা মেনে নিল। এর ফলে কানাডার মাটিতে খালিস্তানি জঙ্গিদের গতিবিধি নিয়ে ভারতের অবস্থানেই সিলমোহর পড়ল।

Advertisement

কানাডার অর্থদপ্তর প্রকাশিত ‘অর্থ তছরুপ ও কানাডা থেকে সন্ত্রাসবাদে আর্থিক মদতের ঝুঁকি’ সংক্রান্ত ২০২৫ সালের এই রিপোর্টে বব্বর খালসা ইন্টারন্যাশনাল ও ইন্টারন্যাশনাল শিখ ইউথ ফেডারেশনের মতো কট্টরপন্থী খালিস্তানি জঙ্গি সংগঠনের নাম উল্লেখ করা হয়েছে। স্বীকার করা হয়েছে, কানাডার মাটি থেকে এই সংগঠনগুলি আর্থিক সাহায্য পাচ্ছে। শুধু ভারত বিরোধী খালিস্তানি শক্তিই নয়, কানাডা থেকে টাকা পাচ্ছে হামাস ও হিজবুল্লার মতো সংগঠনও। উল্লেখযোগ্য বিষয় হল, এই সরকারের আমলেই দু’মাস আগে কানাডার গোয়েন্দা সংস্থার তরফেও একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট পেশ করা হয়। সেখানেও বলা হয়, সেই আটের দশক থেকেই কানাডার মাটি থেকে হিংসাত্মক কার্যকলাপ চালিয়ে আসছে খালিস্তানি কট্টরপন্থীরা। তাদের উদ্দেশ্য, হিংসার আশ্রয় নিয়ে ভারতের পাঞ্জাব প্রদেশ ভেঙে খালিস্তান নামে পৃথক একটি স্বাধীন রাষ্ট্র গঠন করা। এবার অর্থদপ্তরের নয়া রিপোর্টে খালিস্তানি শক্তিগুলির কানাডার মাটি থেকে আর্থিক মদত পাওয়ার সত্যতাও মেনে নেওয়া হল।      

Advertisement
সম্পর্কিত সংবাদ