Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

শেষ আটে মরক্কোর মুখোমুখি ক্যামেরুন

ফিফা র‌্যাঙ্কিংয়ে দু’দলের মধ্যে ব্যবধান ১০১ ধাপের। তবে ম্যাচের লড়াইয়ে সেই পার্থক্য অনেকটাই মিটিয়ে ফেলেছিল তানজানিয়া।

শেষ আটে মরক্কোর মুখোমুখি ক্যামেরুন
  • ৬ জানুয়ারি, ২০২৬ ১৬:০১
Prefer us on Google

রাবাট: ফিফা র‌্যাঙ্কিংয়ে দু’দলের মধ্যে ব্যবধান ১০১ ধাপের। তবে ম্যাচের লড়াইয়ে সেই পার্থক্য অনেকটাই মিটিয়ে ফেলেছিল তানজানিয়া। আফ্রিকা কাপ অব নেশনসের শেষ ষোলোর লড়াইয়ে আয়োজক দেশ মরক্কোর বিরুদ্ধে দুরন্ত লড়াই করেও শেষ পর্যন্ত ০-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল ফিফা র‌্যাঙ্কিংয়ে ১১২ নম্বরে থাকা দেশটি। আর ঘরের মাঠে ৭০ হাজার দর্শকের উপস্থিতিতে কোনওক্রমে জিতে শেষ আটের টিকিট নিশ্চিত করলেন আচরাফ হাকিমিরা। এদিন আরও একবার দলকে জেতালেন ব্রাহিম ডিয়াজ। তাঁর করা একমাত্র গোলই দু’দলের মধ্যে পার্থক্য গড়ে দেয়। উল্লেখ্য, চলতি টুর্নামেন্টে গ্রুপ পর্বে তিন ম্যাচেই জাল কাঁপিয়েছিলেন রিয়াল মাদ্রিদে খেলা ২৬ বছর বয়সি এই উইঙ্গার। আফ্রিকা কাপ অব নেশনসে প্রথম মরক্কান ফুটবলার হিসেবে টানা চার ম্যাচে গোল করার নজির গড়লেন তিনি। সেই সুবাদে টানা ২৩ ম্যাচ অপরাজিত রইল মরক্কো। শেষবার ২০২৩ সালে এই টুর্নামেন্টেই হারের মুখ দেখেছিল তারা।

Advertisement


ম্যাচের শুরু থেকেই বিপক্ষের রক্ষণে চাপ বজায় রেখেছিলেন আচরাফ হাকিমিরা। তবে প্রথমার্ধে ফাটল ধরাতে ব্যর্থ তারা। দ্বিতীয়ার্ধেও একই গতিতে খেলা হতে থাকে। ৬৪ মিনিটে প্রতিপক্ষ বক্সের ডানপ্রান্ত থেকে এক ডিফেন্ডারকে কাটিয়ে আড়াআড়ি শটে জাল কাঁপান মরক্কোর ডিয়াজ (১-০)। শেষ আটের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ক্যামেরুন। রবিবার অন্য ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-১ গোল হারায় তারা। ৯ জানুয়ারি কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হবে এই দু’দল।

Advertisement
সম্পর্কিত সংবাদ