হিসর: আইএসএলে বিদেশি কোচেদের ভিড়েও নিজেকে প্রমাণ করেছেন খালিদ জামিল। মুম্বইকরকে জাতীয় দলের কোচ করার দাবি দীর্ঘদিনের। প্রবল চাপের মুখে অবশেষে খালিদকেই ভারতীয় দলের দায়িত্ব দেয় ফেডারেশন। শুক্রবার তাজিকিস্তানের হিসরে প্রথম পরীক্ষায় নামছেন খালিদ। কাফা নেশনস কাপে ভারতের প্রতিপক্ষ তাজিকিস্তান। ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের (১৩৩) চেয়ে অনেকটাই এগিয়ে তাজিকিস্তান (১০৬)। এর আগে দু’দলের পাঁচবারের সাক্ষাতে তিনবার জিতেছে তাজিকিস্তান। ভারতের জয় মাত্র একবার। ২০০৮ সালে এফসি চ্যালেঞ্জ কাপের ফাইনালে তাদের বশ মানান বাইচুংরা। যাই হোক, এখন শক্তির পার্থক্য অনেকটাই। প্রবল প্রতিপক্ষকে সমীহ করলেও গুটিয়ে থাকতে নারাজ ভারতের কোচ। ম্যাচের আগে খালিদের মন্তব্য, ‘তাজিকিস্তান অনেক সংগঠিত প্রতিপক্ষ। তবে হাল ছাড়ছি না। প্রস্তুতিতে আমরা খুশি।’ উল্লেখ্য, বেঙ্গালুরুতে ১০ দিনের শিবির শেষ করে তাজিকিস্তান উড়ে গিয়েছে ভারত। গ্রুপের খালিদ-ব্রিগেডের বাকি দুই চ্যালেঞ্জার ইরান ও আফগানিস্তান। আগামী ১ সেপ্টেম্বর ইরানের মুখোমুখি হবে ব্লু টাইগার্স।



