নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর্থিক তছরুপের অভিযোগে সাসপেন্ড হয়েছিলেন সিএবি’র যুগ্মসচিব দেবব্রত দাস। এমন ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছিল ক্রিকেট মহলে। কারণ, সিএবি’র ইতিহাসে কোনও কর্তা অতীতে কখনও বরখাস্ত হননি এভাবে। তবে সেই ঘটনাকেও ছাপিয়ে গেল স্বার্থের সংঘাতের মামলা। সিএবি’র ফিনান্স কমিটির সদস্য সুব্রত সাহার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল এথিক্স অফিসারের কাছে। সেখানে উল্লেখ ছিল, সিএবি’র কাজে নিজের হোটেল ব্যবহার করে আর্থিকভাবে লাভবান হয়েছেন। তা নিয়ে অনেক জলঘোলাও হয়। অবশেষে বৃহস্পতিবার এই মামলায় রায় দিলেন এথিক্স অফিসার অসীম বন্দ্যোপাধ্যায়।
স্বার্থের সংঘাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় দু’লক্ষ টাকা জরিমানা হয়েছে সুব্রত সাহার। এক সপ্তাহের মধ্যেই সেই টাকা দিতে হবে। সেখানেই শেষ নয়। সিএবি’কেও দিতে হবে সমপরিমাণ অর্থ। মোট চারলক্ষ টাকা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড অ্যাকাডেমির খেলাধুলার উন্নতিতে দিতে হবে। এই প্রসঙ্গে সুব্রত সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এখনও রায়ের কপি পড়ে দেখিনি। শুনেছি জরিমানা করা হয়েছে। সবকিছু খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ ঠিক করব।’ এই ঘটনায় বিস্মিত বাংলার ক্রিকেট মহল। তবে সিএবি ম্যানেজমেন্ট আশাবাদী, সৌরভ গাঙ্গুলি সভাপতি পদে দায়িত্ব গ্রহণের পর এই ধরনের ঘটনা ভবিষ্যতে হবে না।