নয়াদিল্লি: সামান্য বৃষ্টি হোক বা দিনের ব্যস্ত সময়। চাহিদা বাড়লে অ্যাপ ক্যাবের ভাড়া বাড়তে থাকে হু হু করে। টিপ টিপ করে বৃষ্টি শুরু হতেই মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বে ক্যাবের অ্যাপে ৫০০ টাকার বেশি ভাড়া দেখানোর ঘটনাও কলকাতা শহরে বিরল নয়। এই নিয়ে যাত্রীদের মধ্যে তীব্র অসন্তোষ আছে। ক্যাব এগ্রিগেটরদের এই ‘যা ইচ্ছে তাই’ মনোভাব বন্ধ করার দাবিও উঠেছে। এই বিষয়ে নতুন গাইডলাইন তৈরির জন্য কেন্দ্রের কাছে আবেদন করেছিল বেশ কিছু রাজ্য। কিন্তু কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রক নতুন যে গাইডলাইন তৈরি করেছে, তাতে হইচই পড়ে গিয়েছে। কারণ, এবার থেকে চাহিদা বাড়লে যাত্রীদের থেকে আরও বেশি ভাড়া নিতে পারবে অ্যাপ ক্যাব সংস্থাগুলি। এমনই বলা হয়েছে নয়া মোটর ভেহিক্যাল এগ্রিগেটর গাইডলাইনস, ২০২৫-এ। গত ১ জুলাই তারিখ থেকে কার্যকর হয়েছে নতুন এই গাইডলাইন। রাজ্যগুলিকে তিন মাসের মধ্যে তা কার্যকর করতে হবে। এমনই ফর্মান জারি করেছে মোদি সরকার।
কী বলা হয়েছে কেন্দ্রের নতুন এই ক্যাব এগ্রিগেটর গাইডলাইনে? এবার থেকে বিপুল চাহিদার সময়ে দু’গুণ পর্যন্ত বেস ভাড়া বাড়াতে পারবে সংস্থাগুলি। আগে যা ছিল সর্বোচ্চ দেড় গুণ। এর ফলে কোম্পানিগুলি লাভবান হলেও যাত্রীদের পকেটে চাপ পড়ার আশঙ্কা প্রবল। তবে চালকদের ট্রিপ ক্যান্সেলের ‘রোগ’ সারাতে জরিমানার কথা বলা হয়েছে নয়া গাইডলাইনে। অকারণে ট্রিপ বাতিল করলে ভাড়ার ১০ শতাংশ জরিমানা দিতে হবে চালকদের। তবে তা কখনই ১০০ টাকার বেশি হবে না। যাত্রীদের ক্ষেত্রেও চালু হবে একই নিয়ম।



