নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: শরীকী ব্যবসায় টানাপড়েনের জেরে আত্মহত্যার চেষ্টা। বেশ কিছু দিন ধরে দুই পার্টনারের সম্পর্কের অবনতি হচ্ছিল। তাঁদের একজন সোশ্যাল মিডিয়ায় লাইভ করে বিভিন্ন অভিযোগ তোলেন। অন্য পার্টনার তাঁর বাড়ির সামনে গিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। সঙ্গে ছিলেন স্ত্রী। তিনিও অগ্নিদগ্ধ হয়েছেন। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে পাণ্ডুয়া থানার কলিসন্ডা গ্রামে। অগ্নিদগ্ধ অবস্থায় অলোক ও মৌসুমী হাজরা চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় উত্তেজনা ছড়ালে পুলিস গিয়ে পরিস্থিতি সামাল দেয়। জানা গিয়েছে, অলোক হাজরা ও আসিফ হোসেন মোল্লা যৌথভাবে একটি আয়ুর্বেদিক ওষুধের ব্যবসা করতেন। সম্প্রতি তাঁদের সম্পর্কের অবনতি হয়। ক’দিন আগে আসিফ সোশ্যাল মিডিয়ায় শরীক অলোকের বিরুদ্ধে টাকা তছরুপ সহ একাধিক অভিযোগ তোলেন। এরপর অলোক তাঁর শরীককে এই ভিডিও মুছে ফেলার কথাও বলেন। কিন্তু তাতে সে কর্ণপাত করেনি বলেই অভিযোগ। বুধবার অলোক ও তাঁর স্ত্রী মৌসুমী হাজির হন আসিফের বাড়িতে। সেই সময় অবশ্য তিনি বাড়িতে ছিলেন না। বাড়ির সদস্যদের সঙ্গে হাজরা দম্পতির বিবাদ হয়। এক আত্মীয় সেটার লাইভ করছিলেন সোশ্যাল মিডিয়ায়। আর তখনই অলোক গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে মৌসুমীও অলোককে জ্বলন্ত অবস্থায় জড়িয়ে ধরেন। দগ্ধ অবস্থায় স্থানীয়রা দম্পতিকে প্রথমে পাণ্ডুয়া হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাঁদের চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। মৌসুমী বলেন, আসিফ সোশ্যাল মিডিয়ায় আমাদের সম্মান নষ্ট করেছে। মিথ্যা অভিযোগ করা হয়েছে আমাদের নামে। যদিও আসিফ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।



