Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বাজবল মানে বেপরোয়া ক্রিকেট নয়: গ্রেগ চ্যাপেল

ওভাল টেস্টে পরাজয়ের পর ইংল্যান্ডের বহুচর্চিত ‘বাজবল’ ক্রিকেটদর্শনকে কাঠগড়ায় তুললেন গ্রেগ চ্যাপেল। এক ক্রিকেট ওয়েবসাইটে লেখা কলামে তিনি একহাত নিয়েছেন বেন স্টোকস বাহিনীর অতিরিক্ত আগ্রাসনকে।

বাজবল মানে বেপরোয়া ক্রিকেট নয়: গ্রেগ চ্যাপেল
  • ৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ওভাল টেস্টে পরাজয়ের পর ইংল্যান্ডের বহুচর্চিত ‘বাজবল’ ক্রিকেটদর্শনকে কাঠগড়ায় তুললেন গ্রেগ চ্যাপেল। এক ক্রিকেট ওয়েবসাইটে লেখা কলামে তিনি একহাত নিয়েছেন বেন স্টোকস বাহিনীর অতিরিক্ত আগ্রাসনকে। পাশাপাশি পিছিয়ে পড়েও সিরিজ ২-২ ড্র করার জন্য ভারতীয় দলের ভূয়সী প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক।

Advertisement

চতুর্থ ইনিংসে জেতার জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৭৪ রান। হ্যারি ব্রুক ও জো রুটের লম্বা জুটির সৌজন্যে একসময় তিন উইকেটে ৩০১ তুলে ফেলেছিল হোমটিম। মনে হচ্ছিল, তাদের ৩-১ ব্যবধানে সিরিজ জয় কার্যত নিশ্চিত। এমন পরিস্থিতিতেই উইকেট ছুড়ে দেন ব্রুক। সেটাই টার্নিং পয়েন্ট। এরপরই দারুণভাবে ম্যাচে ফেরে ভারত। সেই প্রসঙ্গে গ্রেগ চ্যাপেল লিখেছেন, ‘ক্রিকেট, বিশেষ করে টেস্ট ক্রিকেট, মোটেই বড় শট নেওয়ার খেলা নয়। এটা আসলে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চ্যালেঞ্জ। কখন মারব, কখন ধরব— এটা বুঝতে হয়। ওভালে ব্রুক আউট হওয়ার আগে পর্যন্ত ম্যাচটা ইংল্যান্ডের দিকেই ঢলে ছিল। কিন্তু অহেতুক চালাতে গিয়ে আউট হল। এটাই ওদের শিবিরের সমস্যা। ওদের কাছে বাজবল হল ভয়ডরহীন, আক্রমণাত্মক ক্রিকেট। এই মানসিকতা পুনরুজ্জীবিত করেছে ইংল্যান্ডের টেস্ট দলকে। কিন্তু এটা অনেক ক্ষেত্রেই কঠোর পরিশ্রম থেকে বাঁচার অজুহাত হয়ে ওঠে।’ 
ঠোঁটকাটা গ্রেগ নিজের যুক্তির স্বপক্ষে ব্যাখ্যা করেছেন যে, ‘এই টেস্ট জেতার জন্য ইংল্যান্ডের দরকার ছিল অন্তত একজন ব্যাটারের ঠান্ডা মাথায় ক্রিজে থাকা। ব্রুক তা না করে চটকদারি শট খেলে আউট হল। ইতিবাচক মানসিকতার মধ্যে ভুল কিছু নেই। কিন্তু এর মানে বেপরোয়া মানসিকতা নয়। ইতিবাচক থাকা হল আদতে আত্মবিশ্বাসের সঙ্গে অঙ্ক কষে ঝুঁকি নেওয়া।’ ওভালের জয় ভারতীয় ক্রিকেটে নতুন যুগের সূচনা করেছে বলেও মন্তব্য করেন তিনি। গ্রেগ লিখেছেন, ‘এই সিরিজে নৈতিক জয় ভারতেরই।’

Advertisement
সম্পর্কিত সংবাদ