নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জোড়াবাগান এলাকায় বাজার থেকে দু’টি কপি চুরি ও আনাজ ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ওঠে অভিযুক্ত ক্রেতার বিরুদ্ধে। পুলিশ তাঁকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছিল। অবশেষে সোমবার ব্যাঙ্কশাল কোর্টে আত্মসমর্পণ করেন অভিযুক্ত বুদ্ধদেব পোড়েল। বিচারক দিব্যেন্দু নাথ তাঁকে ১৪ দিনের জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দেন। সরকারি কৌঁসুলি স্নেহাংশু ঘোষ ধৃতের জামিনের জোরালো আপত্তি জানান। আদালতে তাঁর অভিযোগ, ধৃতের বিরুদ্ধে শুধুমাত্র কপি চুরিই নয়। আনাজ ব্যবসায়ী তা নিয়ে প্রতিবাদ জানালে তাঁকে মারধর করা হয়। এতে ওই ব্যবসায়ী আক্রান্ত হন। তাঁর চিকিৎসা করা হয়। তদন্ত চলছে। তাই ধৃতকে জামিন বাতিল করা হোক। ধৃতের কৌঁসুলি আবেদন, যে কোনো শর্তে আমার মক্কেলকে জামিন দেওয়া হোক। তিনি তদন্তে সবরকম সহযোগিতা করবেন। সরকারি কৌঁসুলি তার জোরালো আপত্তি জানান। তিনি বিচারককে অভিযোগকারীর মেডিকেল রিপোর্টের বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেন। বিচারক মামলার নথিপত্র খতিয়ে দেখে ধৃতের জামিনের আবেদন নাকচ করে দিয়ে তাঁকে ১৪ দিনের জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দেন। আইনজীবীদের বক্তব্য, শহরের এই ফৌজদারি আদালতে এর আগে বহু মামলার শুনানিতে তাঁরা অংশ নিয়েছেন। কিন্তু কপি চুরিকে ঘিরে মামলা এই আদালতে এই প্রথম। ফলে সওয়াল চলাকালে তা নিয়ে আদালতে ওঠে হাসির রোল।



