নিজস্ব প্রতিনিধি, আসানসোল: শনিবার সাতসকালে বার্নপুরে শ্যুটআউট। নামাজ পড়তে যাওয়ার সময় দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে খুন হলেন এক ব্যবসায়ী। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে হীরাপুরে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলের আশপাশের এলাকার সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে আততায়ীকে চিহ্নিত করার চেষ্টা চলছে।
মৃত ব্যক্তির নাম শরিফউদ্দিন। বাড়ি হীরাপুর থানার নার্সিংবাঁধ এলাকায়। সেখানে তাঁর একটি হার্ডওয়ারের দোকান আছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে নামাজ পড়তে বাড়ি থেকে বের হন শরিফউদ্দিনবাবু। তখনই ঘটে শ্যুটআউটের ঘটনা। রক্তাক্ত অবস্থায় তাঁকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।