Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কেওয়াইসি আপডেটের নামে প্রতারণা সাড়ে ৪ লক্ষ খোয়ালেন ব্যবসায়ী

সাইবার প্রতারণার চক্করে পড়ে প্রায় সাড়ে চার লক্ষ টাকা খোয়ালেন পুরুলিয়া শহরের এক ব্যবসায়ী।

কেওয়াইসি আপডেটের নামে প্রতারণা সাড়ে ৪ লক্ষ খোয়ালেন ব্যবসায়ী
  • ৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: সাইবার প্রতারণার চক্করে পড়ে প্রায় সাড়ে চার লক্ষ টাকা খোয়ালেন পুরুলিয়া শহরের এক ব্যবসায়ী। পুরুলিয়া শহরের রাঁচি রোডে পেট্রল পাম্প রয়েছে প্রায় ৭৮ বছর বয়সি ওই ব্যবসায়ীর। এনিয়ে গত বৃহস্পতিবার পুরুলিয়া টাউন থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। 

Advertisement

ওই ব্যবসায়ীর অভিযোগ, তাঁর কারেন্ট অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করার ব্যাপারে সংশ্লিষ্ট ব্যাঙ্কের ম্যানেজারের থেকে একটি চিঠি পান তিনি। সেইমতো গত ৩০ মে ব্যাঙ্কেরই এক মহিলা কর্মী তাঁর অফিসে আসেন। তাঁর থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে চলে যান। এই পর্যন্ত সবকিছু ঠিকই চল। এরপর গত ২ জুন হঠাৎ একটি অচেনা নম্বর থেকে ব্যবসায়ীর কাছে ফোন আসে। ফোনের ওপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে ওই ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে পরিচয় দেন। তিনি জানান, তাঁর কেওয়াইসি আপডেট সম্পূর্ণ হয়নি। কিছু সংশোধনের প্রয়োজন। ওই ব্যক্তিকে বিশ্বাস করে সমস্ত তথ্য দিয়ে দেন ওই ব্যবসায়ী। সেইসঙ্গে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) দেন। কিছু মিনিটের মধ্যেই ব্যবসায়ীর ব্যাঙ্ক থেকে দেড় লক্ষ টাকা কেটে নেওয়া হয়। ব্যবসায়ীর দাবি, তড়িঘড়ি তিনি ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। তাঁর অ্যাকাউন্ট ব্লক করে দেওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু ততক্ষণে অ্যাকাউন্ট থেকে কয়েক ধাপে মোট চার লক্ষ ৪৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। এরপরেই বৃহস্পতিবার পুলিসের দ্বারস্থ হন ওই ব্যবসায়ী। এফআইআর করেন। 
তবে প্রশ্ন উঠছে, ব্যবসায়ীর কাছে কেওয়াইসি আপডেট করানোর জন্য যে ব্যাঙ্ক থেকে কর্মী এসেছিলেন, সেই খবর প্রতারকদের কাছে পৌঁছল কী করে? সাইবার বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, ব্যাঙ্ক অনেক ক্ষেত্রে থার্ড পার্টিকে দিয়ে কাজ করায়। তাহলে, তাঁদের মাধ্যমেই কি গ্রাহকদের তথ্য পাচার হচ্ছে? নাকি ব্যাঙ্ক থেকে ডেটাবেস লিক হচ্ছে? 
প্রসঙ্গত, দেশ যতই ডিজিটাল হচ্ছে, ততই বাড়ছে সাইবার প্রতারণা। কখনও কেওয়াইসি আপডেট, কখনও ডিজিটাল অ্যারেস্টের নামে মানুষকে ফাঁদে ফেলছে সাইবার প্রতারকরা। হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। 
সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ, কোনও অজানা, অচেনা লিঙ্কে ক্লিক না করা, অপরিচিত নম্বর থেকে ফোন বা মেসেজ এলে তাতে সাড়া না দেওয়া, ব্যাঙ্কের নাম করে ফোন, সরকারি কোনও দপ্তরের নাম করে ফোন, প্রিয়জনের বিপদ হয়েছে এমন খবর দিয়ে ফোন— এইসবের মাধ্যমে টাকা চাইলে অবিলম্বে বুঝতে হবে এগুলি আদতে প্রতারণার ফাঁদ। একবার পা দিলে আর রক্ষা নেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ