সংবাদদাতা, বালুরঘাট: রবিবার থেকে স্বাভাবিক হল বালুরঘাট-তপন রুটের বাস পরিষেবা। ছোট গাড়ি ও বাস চালকদের মধ্যে সমস্যার সমাধান না হলেও যাত্রী হয়রানির রুখতে আপাতত বাসের পরিষেবার স্বাভাবিক করা হয়েছে। এনিয়ে আগামী কয়েকদিনের মধ্যে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক সমস্যার স্থায়ী সমাধান করা হবে বলে জানা গিয়েছে।
বালুরঘাটের চকভৃগু বাসস্ট্যান্ড সংগঠনের নেতা শুভাশিস মন্ডল বলেন, আমরা আপাতত বাস ধর্মঘট তুলে নিয়েছি। এতে পূজোর আগে যাত্রী হয়রানি হচ্ছে। খুব শীঘ্র সমস্যা মেটানোর চেষ্টা করা হবে। সমস্যা না মিটলে আমরা ফের আন্দোলনে নামবো। প্রসঙ্গত: শনিবার ছোট গাড়ি ও বাস মালিকদের মধ্যে ঝামেলা হয়। বাস মালিকদের অভিযোগ, বাসস্ট্যান্ডে যাওয়ার আগে অবৈধভাবে ছোট গাড়ির মালিকরা স্ট্যান্ড বানিয়ে সেখান থেকে তপনে যাত্রী নিয়ে যাচ্ছে। এর ফলে যাত্রী পাচ্ছেন না বাস মালিকরা। এই ঘটনায় শনিবার বাস বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রশাসন দু’পক্ষের সঙ্গে কথা বলেছে। রবিবার ওই রুটে বাস পরিষেবা স্বাভাবিক করা হয়েছে।