নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও বারাকপুর: দীর্ঘদিনের দাবি। সেই দাবিকে মান্যতা দেবে সরকার—এই জল্পনাও অনেকদিনের। অবশেষে রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং স্পষ্ট ইঙ্গিত দিলেন, বাসভাড়া বাড়ছেই। নতুন বছরের শুরু থেকে লাগু হতে পারে বর্ধিত ভাড়া। তবে ন্যূনতম বাসভাড়া কত হবে, তা এখনো স্পষ্ট নয়। মন্ত্রীর কথায়, ‘যে হারে জ্বালানি ও বাস চালানোর আনুষঙ্গিক খরচ বেড়েছে, তাতে প্রতি স্টেজে অন্তত ২-৩ টাকা করে ভাড়া বাড়ানো উচিত। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’
মঙ্গলবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন অর্জুন। ইতিমধ্যে ন্যূনতম ভাড়া বাড়িয়ে ১৮ টাকা করার দাবি জানিয়েছে বেসরকারি বাস মালিকদের সংগঠন ‘জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটস’। কলকাতার ক্ষেত্রে বেসরকারি বাসের ভাড়া ন্যূনতম (প্রথম ৪ কিমির জন্য) ১৮ টাকা এবং জেলার ক্ষেত্রে ২০ টাকা করার দাবি জানিয়েছে তারা। বাস মালিকরা জানাচ্ছেন, পেট্রল, ডিজেল, যন্ত্রাংশ থেকে টায়ার—সবকিছুর দাম বেড়েছে। চালক ও কনডাকটরদের মাইনে বাড়াতে হয়েছে। এ রাজ্যে শেষবার বাসভাড়া বেড়েছিল ২০১৮ সালে। ন্যূনতম ভাড়া (প্রথম ৪ কিমির জন্য) ধার্য হয়েছিল ৭টাকা। সেই সময় ডিজেলের দাম ছিল লিটার পিছু ৬৯ টাকা। এখন ৯৩ টাকা। আর পেট্রল বেড়ে হয়েছে লিটার প্রতি ১১৩ টাকা। ২০১৮ সালের পর আর সরকারিভাবে বাসভাড়া বৃদ্ধি হয়নি। তবে করোনা পরবর্তী সময় থেকে বাসে উঠলেই ন্যূনতম ১০ টাকা ভাড়া দিতে হচ্ছে। এই আবহে ২০২১ ও ২০২২ সালে দুবার তৃণমূল সরকার বাসভাড়া বৃদ্ধির জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করে। দুটি কমিটিই ভাড়া বৃদ্ধির সুপারিশ করেছিল। সূত্রের দাবি, প্রথম রিপোর্টে ন্যূনতম বাসভাড়া ২ টাকা বাড়ানোর সুপারিশ করা হয়েছিল। দ্বিতীয় কমিটি ন্যূনতম ভাড়ার ‘স্টেজ’ ৪ কিমি থেকে কমিয়ে ৩ কিমি করার প্রস্তাব দেয়। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তৎকালীন মুখ্যমন্ত্রীর সিলমোহর পড়েনি সেই সুপারিশে। বর্তমান বিজেপি সরকারের পরিবহণমন্ত্রীর দাবি, ‘বিগত সরকার পরিবহণ ক্ষেত্রের প্রায় ১৯০০ কোটি টাকার বকেয়া কর তুলতে পারেনি। আসলে সরকারের আয় নয়, নিজেদের আয় বাড়ানোই ছিল ওদের লক্ষ্য। আমরা বাসের সংখ্যাও বৃদ্ধির পরিকল্পনা করেছি। কিন্তু নতুন বাস নামাতে গেলে ৬ মাস সময় তো দিতে হবে। আরও ১৫০ বাস শীঘ্রই রাস্তায় নামবে।’
প্রসঙ্গত, টানা ৮ বছর ভাড়া না বাড়ার কারণে তাঁদের ব্যাপক লোকসানের মুখে পড়তে হয়েছে বলে দাবি বাস মালিকদের। তাই সুষ্ঠু ও স্বাভাবিক পরিষেবা অব্যাহত রাখতে ভাড়া বৃদ্ধি ছাড়া উপায় নেই বলে মনে করছেন তাঁরা। পরিবহণ দপ্তরের এক শীর্ষস্তরের আমলা বলেন, ‘বাসভাড়া যেমন বাড়বে, তেমনই পরিষেবার মানোন্নয়নও প্রয়োজন। বাস মালিকদের সে বিষয়ে বলা হয়েছে।’ তবে দ্রব্যমূল্য বৃদ্ধির এই বাজারে বাসভাড়া বৃদ্ধিতে সায় নেই আম জনতার বড়ো অংশের। রঞ্জন রায় নামে এক নিত্যযাত্রী বলেন, ‘সেই তো সাধারণ মানুষের উপরেই বোঝা চাপবে। এমনিতে বাসের সংখ্যা কমে গিয়েছে। বাসের ভাড়া বাড়লে অটো, ট্যাক্সির ভাড়াও বেড়ে যাবে।’ আরেক বাসযাত্রী কার্তিক সাহার বক্তব্য, ‘আগে পর্যাপ্ত সংখ্যায় বাস রাস্তায় নামাক সরকার। তারপর তো ভাড়া!’



