Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

দুর্গাপুজোর পরই রাজ্যজুড়ে বাড়ছে বাসভাড়া

দুর্গাপুজো মিটলেই পশ্চিমবঙ্গে বা‌ড়তে চলেছে সরকারি-বেসরকারি বাসের ভাড়া। সোমবার রাজ্যের সমস্ত সরকারি পরিবহণ নিগম ও একাধিক বেসরকারি বাস মালিক সংগঠনের সঙ্গে বৈঠকে এমন ইঙ্গিত দিয়েছেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং।

দুর্গাপুজোর পরই রাজ্যজুড়ে বাড়ছে বাসভাড়া
  • ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজো মিটলেই পশ্চিমবঙ্গে বা‌ড়তে চলেছে সরকারি-বেসরকারি বাসের ভাড়া। সোমবার রাজ্যের সমস্ত সরকারি পরিবহণ নিগম ও একাধিক বেসরকারি বাস মালিক সংগঠনের সঙ্গে বৈঠকে এমন ইঙ্গিত দিয়েছেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। আর সেই ইঙ্গিত বাস্তবায়িত হলে দীর্ঘ আট বছর পর খাতায় কলমে বাস-মিনিবাসের ভাড়া বৃদ্ধি হতে চলেছে। বিগত সরকারের আমলে সাফল্যের সঙ্গে পরিবহণ দপ্তরের দায়িত্ব সামলেছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সময় তিনিও জ্বালানি ও বাসের যন্ত্রাংশের ঊর্ধ্বমুখী দামের সঙ্গে সাযুজ্য রেখে ভাড়া বৃদ্ধির পক্ষে ছিলেন। নবান্নের আমলা মহলের দাবি, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সিদ্ধান্তের তীব্র বিরোধী ছিলেন। এতে ভোটব্যাংকে ধস নামার আশঙ্কা ছিল। তাই জনমোহিনী ভাবমূর্তি বজায় রাখতে বাসভাড়া বৃদ্ধির ফাইলে অনুমোদন দেননি তিনি। ফলস্বরূপ রাস্তায় বাস কমেছে। সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে আম জনতার থেকে বাড়তি ভাড়াও আদায় করছে কনডাকটররা। সব মিলিয়ে গণপরিবহণে আজব এক অস্থিরতা চলছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বাস মালিকদের দাবি গুরুত্ব দিয়ে পর্যালোচনা শুরু করেছে। রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং এদিন স্পষ্ট জানিয়েছেন, বাস ভাড়া বৃদ্ধির দরকার আছে। একইসঙ্গে যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়ানোর কড়া বার্তাও দিয়েছেন তিনি।
তৃণমূল জমানায় দু’বার বাসের ভাড়া বাড়ানোর লক্ষ্যে বিশেষ কমিটি গঠন করা হয়েছিল। ২০২১ ও ২০২২ সালে সরকারি অফিসারদের নিয়ে গঠিত সেই কমিটির রিপোর্ট আজও দিনের আলো দেখেনি। সূত্রের দাবি, প্রথম রিপোর্টে সরাসরি বাসভাড়া ন্যূনতম ২ টাকা বৃদ্ধির সুপারিশ করা হয়েছিল। দ্বিতীয় কমিটি বর্তমানের ভাড়ার ‘স্টেজ’ ৪ কিলোমিটার থেকে কমিয়ে ৩ কিলোমিটার করার প্রস্তাব দেয়। এ প্রসঙ্গে সিটি সাবার্বান বাস সার্ভিসের সাধারণ সম্পাদক টিটু সাহা বলেন, ‘বিগত তৃণমূল সরকার আমাদের দাবিকে সম্পূর্ণ উপেক্ষা করেছে। বেসরকারি বাস পরিবহণ ব্যবস্থাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আমরা নতুন সরকারের কাছে ভাড়া বৃদ্ধির দাবি রেখেছিলাম। ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভাড়া চালু করার আবেদন জানাচ্ছি।’ তাঁর আরও দাবি, শেষবার যখন ভাড়া বৃদ্ধি হয়েছিল তখন লিটার প্রতি ডিজেলের দাম ছিল ৬৯ টাকা। বর্তমানে তা সেঞ্চুরি করেছে। বেসরকারি বাস-মিনিবাস শিল্পের সঙ্গে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান জড়িয়ে। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে ধুঁকতে থাকা এই শিল্পকে বাঁচানোর আরজি রাজ্য সরকারের কাছে জানিয়েছেন টিটুবাবু। সূত্রের দাবি, বাসের ভাড়া বৃদ্ধি হলে একই সঙ্গে অটো, ট্যাক্সি, অ্যাপ-ক্যাব সহ বিবিধ গণপরিবহণ সফরের খরচ বাড়বে। এমনকি, বর্তমানে যাত্রীদের একটা বড় অংশ উপযুক্ত পরিষেবা পেলে বাস্তবসম্মত ভাড়ায় সফরে রাজি বলে একাধিক সমীক্ষায় উঠে এসেছে। 
বাস নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তা হল, মাসে ৭০০ টাকা করে নাইট পার্কিং ফি। আসলে দীর্ঘদিন ধরে রাস্তার পাশেই পার্ক করে বহু বাস। এবার থেকে তার জন্য রাজ্যকে নাইট পার্কিং ফি দিতে হবে বাস মালিকদের। পরিবহণমন্ত্রী অর্জুন সিং স্পষ্ট ভাষায় একথা জানিয়ে বলেন, ‘তৃণমূল আমলেই এই সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু সেই টাকা এতদিন সরকারি কোষাগারে জমা পড়ত না। তা সরাসরি চলে যেত নেতাদের পকেটে। বিজেপি সরকার সিদ্ধান্ত নিয়েছে, পরিবহণ দপ্তর বাস পিছু ৭০০ টাকা করে নেবে। রাতে রাস্তায় বাস রাখলে সরকারকে এই ফি দিতে হবে।’

Advertisement

ভাড়া-বৃত্তান্ত

 ২০১৮ সালের ১১ জুন শেষবার বেড়েছিল বাসভাড়া
 ২০২১ ও ২০২২ সালে ভাড়া বৃদ্ধি নিয়ে দু’টি কমিটি গড়েছিল রাজ্য সরকার
 ভাড়া বৃদ্ধির পক্ষেই সুপারিশ করেছিল জোড়া সরকারি কমিটি
 কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই রিপোর্ট প্রকাশ্যে আসেনি
 নয়া ভাড়া বৃদ্ধির বিন্যাসে এই জোড়া অপ্রকাশিত নথি গুরুত্ব পেতে চলেছে
 সরকারি সিদ্ধান্ত কার্যকর হলে সরকারি-বেসরকারি বাস ও মিনিবাসের সব স্টেজের ভাড়াই বাড়বে

Advertisement
সম্পর্কিত সংবাদ