উত্তরাখণ্ডে খাদে বাস, মৃত অন্তত ৯
  • ১৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দেরাদুন: তখনও আলো ফোটেনি। তন্দ্রাচ্ছন্ন অধিকাংশ যাত্রী। আচমকা বিকট শব্দ, সঙ্গে তীব্র ঝাঁকুনি। মঙ্গলবার ভোরে উত্তরাখণ্ডের তেহরি গাড়োয়াল জেলায় বাস দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত ৯ জনের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩৪ জন যাত্রী নিয়ে বাসটি হরিদ্বার থেকে জোশীমঠের দিকে যাচ্ছিল। গুলার সেতুর কাছে রাস্তার লোহার রেলিং ভেঙে সেটি খাদে পড়ে যায়। যাত্রীদের উদ্ধারের সময় দেখা যায় ৯ জন মৃত। বাকি ২৫ জন আহত যাত্রীকে ঋষিকেশের এইমস হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার লোহার রেলিং ভেঙে খাদে পড়ে যায়। প্রায় ১০০ মিটার নীচে আছড়ে পড়ার সময় বাসটির সামনের অংশ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। মৃতদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির বাসিন্দা রাজ রায় (৫৬)। দুর্ঘটনার খবর পেয়েই ৩০ সদস্যের এসডিআরএফ দল, মুনি কি রেতি থানার পুলিশ এবং উত্তরাখণ্ড দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। গুরুতর আহতদের উদ্ধার করে এইমস ঋষিকেশে পাঠানো হয়। দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন তিনি। শোকপ্রকাশ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।

Advertisement