নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমান শহরে ফের দাদাগিরির অভিযোগ উঠল টোটো চালকদের বিরুদ্ধে। স্টেশনের কাছে এক বাসকর্মীকে তারা মারধর করে বলে অভিযোগ ওঠে। ঘটনার প্রতিবাদে বুধবার চালকরা বর্ধমান শহরে বাস চলাচল বন্ধ রাখেন। পরে বর্ধমান থানার পুলিস দু’পক্ষর সঙ্গে আলোচনা করে সমস্যা মেটান। এদিন নববাহাট থেকে সব টাউন সার্ভিস বাস বন্ধ ছিল। শুক্রবার থেকে শহরে বাস পরিষেবা স্বাভাবিক থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
স্থানীয়রা বলেন, যাত্রী তোলা নিয়ে বাসকর্মীদের সঙ্গে টোটো চালকদের দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। বুধবারও এই ইস্যুতে অশন্তি বাধে। এক বাসকর্মীকে বেধড়ক মারধর করা হয়। এধরনের ঘটনা প্রায়ই হচ্ছে বলে বাস চালকদের অভিযোগ। শহরের টোটোর সংখ্যা আগের তুলনায় অনেক বেড়ে গিয়েছে। যাত্রীদের সঙ্গেও তারা সব সময় ভালো ব্যবহার করে না। ট্রাফিক আইনেরও তারা তোয়াক্কা করে না বলে যাত্রীদের অভিযোগ। বাস মালিক সংগঠনের পক্ষে প্রদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, বারবার একই ধরনের ঘটনা হচ্ছে। স্থায়ী সমাধান দরকার। প্রশাসনের আশ্বাসে বাস ধর্মঘট তুলে নেওয়া হয়েছে। তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা ইফতিকার আহমেদ বলেন, উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা মিটিয়ে দেওয়া হয়েছে।
বধর্মানের বাসিন্দারা বলেন, টোটো চালকরা বেপরোয়া মনোভাব দেখানোয় যাত্রীরাও বিপাকে পড়েন। বিশেষ করে খোসবাগান বা মেডিক্যাল হাসপাতাল চত্বর এলাকায় চলাফেরা করা দায় হয়ে ওঠে। হাসপাতালের ভিতরেও টোটো ঢুকে যায়। অনেক সময় অ্যাম্বুলেন্স চালকরা সমস্যায় পড়েন। বাস চালকরা বলেন, শহরের সর্বত্র টোটোর দৌরাত্ম্য চলে। সব জায়গায় বাস চলে না। যেসব রুটে বাস চলে, সেসব এলাকায় তাদের একটু সংযত হওয়া দরকার। বিশেষ করে বর্ধমান স্টেশনের সামনে যাত্রী তোলা নিয়ে সমস্যা বেশি হয়। বাসের যাত্রীদেরও তারা নিজেদের দিকে টেনে নেয় বলে অভিযোগ। তবে টোটো চালকরা অভিযোগ মানতে চাননি। তাঁরা বলেন, স্টেশনের সামনে বাস দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে। যাঁরা বাসে যাতায়ত করেন তাঁরা টোটোয় ওঠেন না। কাউকে জোর করে বাস থেকে নামানো হয় না। অনেক সময় ইচ্ছাকৃতভাবে টোটোর সামনে বাস দাঁড় করিয়ে দেওয়া হয়। পরিবহণ দপ্তরের এক আধিকারিক বলেন, সমস্যা সমাধানের জন্য একাধিকবার আলোচনা করা হয়। টোটোর রুট ঠিক করে দেওয়া হয়। বাইরে থেকে টোটো যাতে শহরে না আসে, তারজন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। তারপরও অনেকেই নিয়ম মানতে চায় না। সেই কারণেই সমস্যা তৈরি হয়। এদিন আচমকা বাস পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ যাত্রীরা সমস্যায় পড়েছিলেন। অনেককেই টোটোয় বেশি ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছতে হয়েছে।-নিজস্ব চিত্র