ফের গ্যাং ওয়ারের মুখে বার্নপুর!
  • ৩০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: প্যাঁওকাণ্ডে নতুন মোড়। বিগত পাঁচ-সাত বছর ধরে বন্ধ থাকা গ্যাং ওয়ারের সলতে ফের পাকানো শুরু হয়েছে বার্নপুরে। পুলিশের গুলিতে জখম প্রতাপ ওরফে প্যাঁওয়ের দাবি, মহেশ শর্মাকে খুনের সুপারি না নেওয়াতেই তাকে ফাঁসানো হয়েছে। বার্নপুরের অতি প্রভাবশালী ব্যবসায়ী সৈয়দ ইমতিয়াজের বাবাকে খুনে অভিযুক্ত মহেশ। রবিবার মহেশের স্ত্রী সুচিত্র শর্মা সাংবাদিকদের সামনে দাবি করেছেন, তাঁরা আতঙ্কিত। বিষয়টি নিয়ে হীরাপুর থানায় গেলেও ওসির সঙ্গে দেখা হয়নি। কেন তাঁর স্বামীকে মারার সুপারি দেওয়া হচ্ছিল পুলিশ তার তদন্ত করুক। ইমতিয়াজের বিরুদ্ধেও তোপ দাগেন তিনি। অন্যদিকে যে এলাকায় পুলিশের সঙ্গে প্যাঁওয়ের গুলিযুদ্ধ হয়েছিল রবিবার, সেখানে ফরেনসিক টিম এসে নমুনা সংগ্রহ করেছে। 

Advertisement

পুলিশের গুলিতে জখম প্যাঁও আসানসোল জেলা হাসপাতালেই চাঞ্চল্যকর দাবি করে। সে স্থানীয় এক প্রভাবশালীর নাম উল্লেখ করে বলে, মহেশ শর্মাকে খুনের সুপারি দিতে চেয়েছিলেন সেই প্রভাবশালী। আমি সেই সুপারি নিতে অস্বীকার করতেই আমাকে ফাঁসানোর চেষ্টা হয়েছে। আসানসোল জেলা হাসপাতালে এসে একই দাবি করেন তার মা রঞ্জনা দাস ও স্ত্রী নীতু দেবী। তাঁরা সেই প্রভাবশালীর নাম উল্লেখ করে বলেন, তিনি বার্নপুরের অবৈধ জমি কারবার, লোহা কারবারের সঙ্গে যুক্ত। মহেশ শর্মাকে খুনের সুপারি দিতে চেয়েছিল প্রতাপকে। সে তা নিতে অস্বীকার করাতেই তাকে ফাঁসানো হচ্ছে। এদিন হীরাপুর থানা এলাকায় নিজের বাড়িতে বসে এ নিয়ে তদন্তের দাবি জানালেন মহেশ শর্মার স্ত্রী। 
ঘটনার সূত্রপাত ২০১৮ সালে। ইভিনিং ওয়াকে বেরিয়েছিলেন বার্নপুরের অতি  প্রভাবশালী ব্যবসায়ী সৈয়দ ইমতিয়াজের বাবা ফরিদ আলম। তাঁকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়। এই ঘটনায় অন্যতম অভিযুক্ত হিসাবে উঠে এসেছিল কুখ্যাত দুষ্কৃতী মহেশ শর্মার নাম। তারপরই এলাকা ছাড়া হয়ে যায় সে। বছর চারেক আগে তাকে ঝাড়খণ্ডের রেস্তরাঁয় প্রভাবশালী এক ব্যবসায়ীর সঙ্গে দেখা যায়। অনেকেরই আশঙ্কা হয়, তাহলে বুঝি এবার টার্গেট বার্নপুরের আরও বড়ো কোনো মাথা। তারপরই পুলিশ সক্রিয় হয়ে মহেশ শর্মাকে গ্রেপ্তার করে। তিন বছরের বেশি জেলে থাকার পর এক মাস আগে তার জামিন হয়েছে। এখনও ও‌ই মামলায় প্রতিদিন তাকে থানায় হাজিরা দিতে হয়। তারপরই প্যাঁওকাণ্ডে সরাসরি তার নাম উঠে এসেছে। জানা গিয়েছে, প্যাঁও ও তার পরিবার যার নামে অভিযোগ করছে, সে মহেশ শর্মার বিরোধী গ্যাংয়ের মাথা। তাই অভিযোগের সারবত্তা রয়েছে ব঩লেই বার্নপুরের অনেকের মত। যদিও পুলিশ বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। তবে পুলিশের একটি সূত্রের খবর, বার্নপুরের যে গ্যাং এখন জমি থেকে বাকি অবৈধ কারবারের নিয়ন্ত্রণ করছে তারই বিরুদ্ধ গ্যাং তৈরির কাজ শুরু হয়েছে। সেই গ্যাং গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল প্যাঁও। অনেকের মতে, এখন‌ই পুলিশ সব সম্ভাবনা খতিয়ে দেখে সক্রিয় না হলে ফের গ্যাং ওয়ার শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। একদা দীর্ঘদিন ধরে বার্নপুর, হীরাপুরের গ্যাং ওয়ার রাজ্য প্রশাসনের মাথাব্যথার কারণ হয়ে উঠেছিল। তখন একাধিক বসের রাজত্ব চলত ইসকোর কারখানাকে ঘিরে। পরবর্তীকালে সেই পরিস্থিতির অবসান হয়। বেশিরভাগ বসের মৃত্যু হওয়ায় একজনই সর্বেসর্বা হয়ে ওঠে। এখন ইসকোর ৪০ হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। নতুন টাউনশিপ সহ বিস্তীর্ণ এলাকা সেজে ওঠার কথা। রাজ্য সরকারের চা‌঩ইছে, এই এলাকায় নদী কেন্দ্রীক একটি টাউনশিপ গড়ে তুলতে। বিপুল টাকার কাজ হবে। সেই টাকা ধরতেই মাফিয়াদের মধ্যে অশুভ প্রতিযোগিতা শুরু হয়েছে বলে অভিযোগ উঠছে।  পুলিশের সঙ্গে প্যাঁওয়ের গুলিযুদ্ধকাণ্ডে নমুনা সংগ্রহ ফরেনসিক টিমের।