Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

বাড়িতেই বার্গার

বার্গারের নাম শুনলে অনেক খাদ্যরসিকেরই মন চলে যায় ম্যাকডোনাল্ড’স রেস্তরাঁয়।

বাড়িতেই বার্গার
  • ৩১ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চিকেন বা মাশরুম প্যাটি বানানো থেকে বার্গার সাজানো সবই এখন হাতের মুঠোয়। ম্যাকডোনাল্ড’স কলকাতার অভিজ্ঞ ফুড স্টাইলিস্ট জানালেন রেস্তরাঁর কায়দায় বার্গার বানানোর সহজ উপায়।

Advertisement

চিজি মাশরুম বার্গার

উপকরণ: মাশরুম প্যাটির জন্য: কুচিয়ে রাখা মাশরুম ৪০০ গ্রাম, আলু সেদ্ধ করে মাখা ২টো মাঝারি আকারের, মাখন ১ টেবিল চামচ, কাঁচালঙ্কা কুচি ২টো, ময়দা ১ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, অরেগ্যানো ১ চা চামচ, রসুন কুচি ৩ কোয়া, নুন স্বাদমতো, ব্রেড ক্রাম্বস কোট করার জন্য, তেল ভাজার জন্য। লেয়ারিংয়ের জন্য: বান ব্রেড ১টা, সুইট অ্যান্ড সাওয়ার ইতালিয়ান স্যস ১৫ মিলি, লেটুস ২০ গ্রাম, চিজ ১ স্লাইস।

 

প্রণালী: মাশরুম প্যাটি বানানোর জন্য: ফ্রাই প্যানে মাখন গলিয়ে নিন। তাতে রসুন দিয়ে ভাজুন। সুগন্ধ বেরলে কুচিয়ে রাখা মাশরুম দিয়ে নাড়তে থাকুন। তাতে আলু সেদ্ধ, কাঁচালঙ্কা, অরেগ্যানো, নুন দিয়ে নাড়ুন। সবটা মিশে গেলে আঁচ থেকে নামিয়ে একটু ঠান্ডা হতে দিন। এরপর কিছুটা ময়দা ও কর্নফ্লাওয়ার মিশিয়ে মাশরুমের মিশ্রণে মেশান ও মেখে নিন। এরপর এই মিশ্রণ থেকে অল্প করে নিয়ে প্যাটির মতো গোল চ্যাপ্টা করে গড়ে নিন। তারপর তা ফ্রিজে রেখে সেট হতে দিন আট ঘণ্টা। এরপর ময়দা ও কর্নফ্লাওয়ার জলে গুলে একটা ব্যাটার তৈরি করে নিন। এবার মাশরুম প্যাটি ওই ব্যাটারে কোট করে নিন। তারপর তা ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিন। এরপর ছাঁকা তেলে ভেজে নিন।

লেয়ারিং: প্রথমে বান ব্রেড মাঝখান থেকে কেটে নিন। তার একটি অংশে খানিকটা সুইট অ্যান্ড সাওয়ার স্যস মাখিয়ে নিন। এরপর একে একে লেটুস ও চিজ স্লাইস সাজান। তারপর মাশরুম প্যাটি দিন।

এবার বান ব্রেডের অন্য অংশে বাকি স্যস মাখিয়ে তার উপর বসিয়ে দিন। টোস্টারে ১৫০ ডিগ্রি সেন্টিগ্রেডে তা ৫ মিনিট টোস্ট করে নিন। তাহলেই তৈরি হয়ে যাবে চিজি মাশরুম বার্গার।

 

চিজি  চিকেন বার্গার

উপকরণ: চিকেন প্যাটির জন্য: চিকেন ব্রেস্ট বোনলেস ৫০০ গ্রাম, অনিয়ন পাউডার ১ চা চামচ, গার্লিক পাউডার ১ চা চামচ, নুন স্বাদমতো, ফেটানো ডিম ১টা, ময়দা ১ ১ কাপ, গোলমরিচ ও চিলি ফ্লেক্স ২ চা চামচ করে, নুন স্বাদমতো। লেয়ারিংয়ের জন্য: বান ব্রেড ১টি, লেটুস পাতা ২০ গ্রাম, চিজ স্লাইস ১টা, হ্যালাপিনো বা গার্কিন চিলি স্লাইস ৩টে, ভাপানো ডিমের পোচ ১টা, হ্যাবানেরো স্যস ১৫ মিলি।  

প্রণালী: চিকেন প্যাটি বানানোর জন্য: চিকেন ব্রেস্ট গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিন। এবার তাতে নুন ও মরিচ মাখিয়ে নিন। তারপর অনিয়ন ও গার্লিক পাউডার মিশিয়ে চিকেনে মাখান। ডিম ফেটিয়ে মাখিয়ে নিন। এরপর তা প্যাটির আকারে গড়ে নিন। তারপর চিকেনের প্যাটিগুলো ফ্রিজে রেখে দিন। সারারাত ফ্রিজে রাখলে প্যাটি সেট হয়ে যাবে। ইতিমধ্যে ময়দার সঙ্গে নুন ও চিলি ফ্লেক্স মিশিয়ে নিন। এরপর তা ময়দার মিশ্রণে এপিঠ ওপিঠ করে গড়িয়ে নিন। তারপর কড়াইতে তেল গরম করে ছাঁকা তেলে ভেজে নিন এই প্যাটি।

লেয়ারিং: প্রথমে বান ব্রেড মাঝখান থেকে স্লাইস করে কেটে নিন। এবার একভাগে প্রথমে খানিকটা হ্যাবানেরো স্যস মাখিয়ে নিন। তার উপর লেটুস পাতা সাজান।

এরপর হ্যালাপিনো স্লাইসগুলো বসিয়ে দিন। এর উপরে চিজ দিন। তারপর ভাপানো পোচ রাখুন। সবার উপরে চিকেন প্যাটি সাজান। এরপর বানের অন্য অংশটায় বাকি স্যস মাখিয়ে উপরে বসিয়ে দিন। এরপর তা টোস্টারে দিয়ে ১৫০ ডিগ্রি সেন্টিগ্রেডে ৫ মিনিট টোস্ট করে নিন। তাহলেই তৈরি হবে চিজি চিকেন বার্গার।

 

Advertisement
সম্পর্কিত সংবাদ