Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে টোটো চালকদের দাপটে নাজেহাল শহরবাসী, অতিরিক্ত ভাড়া, বেপরোয়া মনোভাব

দুপুর ১টা নাগাদ জৈষ্ঠের দুপুরে সূর্যের তেজ ক্রমশ বাড়ছে।

বর্ধমানে টোটো চালকদের দাপটে নাজেহাল শহরবাসী, অতিরিক্ত ভাড়া, বেপরোয়া মনোভাব
  • ২৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: দৃশ্য-১: দুপুর ১টা নাগাদ জৈষ্ঠের দুপুরে সূর্যের তেজ ক্রমশ বাড়ছে। জেলা পরিষদের অফিস থেকে কিছুটা দূরে এক বৃদ্ধা টোটা ধরার জন্য দাঁড়িয়ে রয়েছেন। যাবেন বড়মা কালীমন্দির। বেশ কিছুক্ষণ পর এক টোটো চালক এসে দাঁড়াল। বৃদ্ধা টোটোয় উঠতে যাওয়ার সময় সে ৩০ টাকা ভাড়া দাবি করল। বৃদ্ধা অনুরোধ করায় তাঁকে কার্যত ধমক দিয়ে টোটো থেকে নামিয়ে দেওয়া হল।

Advertisement

দৃশ্য-২: বীরহাটার কাছে সিগন্যাল লাল হয়ে থাকায় বাইক, গাড়ি দাঁড়িয়ে রয়েছে। সিগন্যাল সবুজ না হওয়া পর্যন্ত সকলেই অপেক্ষা করছিলেন। হঠাৎ এক টোটো চালক লাল সিগন্যাল উপেক্ষা করে দ্রুত গতিতে চলে গেল।
দৃশ্য-৩: খোসবাগানে ভিড়ের ঠেলায় যাওয়া যাচ্ছে না। এক মাঝ বয়সি ব্যক্তি এক মহিলাকে বাইকের পিছনে চাপিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পিছন দিক থেকে এক টোটো চালক এসে বাইকে সজোরে ধাক্কা মারে। বাইক চালক প্রতিবাদ করতেই তাঁকে হেনস্তা করা হয়। সঙ্গে সঙ্গে আরও কয়েকজন টোটো চালক সেখানে এসে তাঁকে ধমকাতে শুরু করে। পরে সিভিক ভলেন্টিয়ারের হস্তক্ষেপে বাইক চালক কোনওরকমে রক্ষা পান।
এই দৃশ্য বর্ধমানবাসীর গা সাওয়া হয়ে গিয়েছে। তাঁরা জেনে গিয়েছেন, এই ছবি পরিবর্তনের কোনও সম্ভবনা নেই। কারণ টোটো চালকদের জোর অনেক বেশি। খোসবাগানে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে মুধূসূদন বৈরাগ্য নামে এক বৃদ্ধ বলেন, টোটো চালকদের সমঝে চলতে হয়। নির্দিষ্ট কোনও ভাড়া নেই। তারা যখন যা চাইবে তাই দিতে হবে। রাতের দিকে তাদের দাপট আরও বেড়ে যায়। স্থানীয়রা বলেন, নিয়ন্ত্রণ না থাকার জন্য টোটো চালকদের দৌরাত্ম্য বেড়ে গিয়েছে। কোনও টোটো চালকের বিরুদ্ধে পুলিস ব্যবস্থা নিয়ে সংগঠন হাজির হয়ে যায়। ছাড়াও পেয়ে যায়। তাতে কেউ কিছু করতে পারবে না-এমন ধারণা তাদের মনে গেঁথে গিয়েছে। শহরবাসীর বক্তব্য, সব টোটো চালক একই রকম এমনটা নয়। অনকেই নিয়ম মেনে চলেন। যাত্রীদের তাঁরা যথেষ্ট সম্মান দেয়। এমনকী, বিপদের সময় পাশে দাঁড়ান। কিন্তু কিছু টোটো চালকের জন্য সকলেরই বদনাম হচ্ছে। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন, টোটো চলাচল নিয়ন্ত্রণ করতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছিল। গ্রামীণ এলাকার টোটো যাতে শহরে না ঢোকে সেই নির্দেশিকা জারি করা হয়েছে। যাঁরা নিয়ম মানছেন না তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বলেন, কিছু টোটো চালকদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। নিয়ম সবার জন্য সমান। বেশি ভাড়া নেওয়া যাবে না। ভাড়ার তালিকা প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। জেলা পুলিসের এক আধিকারিক বলেন, বহুবার সতর্ক করা হয়েছে। যেসব চালক ট্রাফিক আইন মানবেন না তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।  ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ