Bartaman Logo
১ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমান: যাত্রীদের উপরই দায় চাপাচ্ছে রেল

বর্ধমান রেলওয়ে স্টেশন কাণ্ডে যাত্রীদের উপরই দায় চাপাচ্ছে মন্ত্রক। ঠিক যেমনটি হয়েছিল গত ফেব্রুয়ারি মাসে মহাকুম্ভের সময় নিউদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনার পর।

বর্ধমান: যাত্রীদের উপরই দায় চাপাচ্ছে রেল
  • ১৪ অক্টোবর, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বর্ধমান রেলওয়ে স্টেশন কাণ্ডে যাত্রীদের উপরই দায় চাপাচ্ছে মন্ত্রক। ঠিক যেমনটি হয়েছিল গত ফেব্রুয়ারি মাসে মহাকুম্ভের সময় নিউদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনার পর। রেলমন্ত্রকের শীর্ষ সূত্রের খবর, নিউদিল্লি স্টেশনের ওই মর্মান্তিক দুর্ঘটনার সঙ্গে একপ্রকার ‘সামঞ্জস্য’ রেখেই বর্ধমান রেলওয়ে স্টেশন কাণ্ডের তদন্ত রিপোর্ট পেশ হতে চলেছে। ইতিমধ্যেই বর্ধমান কাণ্ডের পরিপ্রেক্ষিতে যে তাৎক্ষণিক বিবৃতি দিয়েছে রেলমন্ত্রক, সেখানেও প্রাথমিকভাবে যাবতীয় দায় চাপিয়ে দেওয়া হয়েছে সেই সাধারণ যাত্রীদের উপরই। 

Advertisement

রবিবার বর্ধমান রেলওয়ে স্টেশনের ভিড়ে ঠাসা ফুট-ওভার-ব্রিজে হুড়োহুড়ির সময় পড়ে যান একাধিক যাত্রী। কার্যত সৃষ্টি হয় পদপিষ্টের পরিস্থিতি। অভিযোগ, রেলের পক্ষ থেকে ট্রেন সংক্রান্ত ভুল ঘোষণার জেরেই শেষ মুহূর্তে হুড়োহুড়ি শুরু হয়। ঠিক একই পরিস্থিতি তৈরি হয়েছিল গত ফেব্রুয়ারি মাসে নিউদিল্লি রেলওয়ে স্টেশনেও। রবিবার বর্ধমান রেলওয়ে স্টেশনের ঘটনার পরেই তাৎক্ষণিক বিবৃতি জারি করে রেল বোর্ড। এবং সেখানে স্পষ্ট বলে দেওয়া হয়, ফুট-ওভার-ব্রিজে একজন মহিলা যাত্রী ভারসাম্য হারিয়ে পড়ে যান। তারই অভিঘাতে অন্যান্য যাত্রীও মুখ থুবড়ে পড়েন। ফলে ওই সার্বিক পরিস্থিতি তৈরি হয়। কিন্তু বিবৃতিতে রেলের পক্ষ থেকে কোনও ভুল স্বীকার করা হয়নি। রেল বিশেষজ্ঞ মহলের ধারণা, বর্ধমান রেল স্টেশনে দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্টেও এই ব্যাখ্যারই ছায়া থাকতে চলেছে। প্রসঙ্গত, নিউদিল্লি রেলওয়ে স্টেশনে পদপিষ্টের ঘটনায় যে সাধারণ রেল যাত্রীদের উপরই দায় চাপিয়ে রিপোর্ট পেশ হয়েছিল, সম্প্রতি সংসদে লিখিত প্রশ্নোত্তরে তা নিজেই জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। 
গত ১ আগস্ট রাজ্যসভায় এই সংক্রান্ত এক লিখিত প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী জানিয়েছিলেন, একজন যাত্রীর মাথা থেকে পাহাড়প্রমাণ মালপত্র পড়ে যাওয়াতেই দুর্ঘটনা। রেল বিশেষজ্ঞ মহলের পর্যবেক্ষণ, নিউদিল্লি স্টেশন নিয়ে রেলমন্ত্রীর লিখিত জবাব এবং বর্ধমান রেলওয়ে স্টেশন কাণ্ডের পর রেলমন্ত্রকের বিবৃতি—দু’টো ক্ষেত্রেই বক্তব্য কার্যত একই। রেল সূত্রের খবর, ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে বোর্ড। পরবর্তী তিনদিনের মধ্যে বর্ধমানের ঘটনায় প্রাথমিক তদন্ত রিপোর্ট পেশ হবে।

সম্পর্কিত সংবাদ