এবারেও শান্তিনিকেতনে অনুষ্ঠিত হবে পৌষমেলা
  • ১৩ অক্টোবর, ২০২৬ ১০:৪২
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: রাজ্যে নতুন সরকার গঠনের পর বিশ্বভারতী ও বীরভূম জেলা প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়াতে একাধিকবার বৈঠক হয়েছে। সোমবার সন্ধ্যায় ফের বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসে জেলা প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা আয়োজন নিয়েও আলোচনা হয়। বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, এবারও নির্ধারিত সময়েই পৌষ মেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে। মেলা আয়োজনে বিশ্বভারতীকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার ও জেলা প্রশাসন।

Advertisement

এদিনের প্রাথমিক পর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীরকুমার ঘোষ, কর্মসচিব বিকাশ মুখোপাধ্যায়, জেলাশাসক ধবল জৈন,  জেলা পুলিশ সুপার ভিদিত রাজ ভুন্দেস, বোলপুরের মহকুমাশাসক ব্রততী দত্ত সহ পদস্থ আধিকারিকেরা। মেলা আয়োজনের পাশাপাশি পর্যটন দপ্তর ও প্রশাসনের অন্যান্য বিভাগের সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

জনসংযোগ আধিকারিকের দায়িত্বে থাকা ভাস্কর দাস বলেন, ‘জেলা প্রশাসনের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি আসন্ন পৌষ মেলা আয়োজন নিয়েও কথা হয়েছে। জেলা প্রশাসন ও অন্যান্য দপ্তর আমাদের সহযোগিতা করবে। যৌথভাবে আরো কিছু উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। সেগুলি নিয়ে নভেম্বর মাস নাগাদ পরবর্তী বৈঠকে বিস্তারিত জানানো হবে।’