সংবাদদাতা, ময়নাগুড়ি: পুজো আর হাতে গোনা কয়েকদিন। কেনাকাটাও প্রায় শেষের দিকে। কিন্তু এই আবহেই সাইবার প্রতারকের খপ্পরে পড়ে মাথায় হাত ময়নাগুড়ির এক গৃহ শিক্ষকের। মোবাইল আপডেট করতেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যায় তাঁর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
জানা গিয়েছে, গতকাল, সোমবার হঠাৎ করেই ওই গৃহশিক্ষকের মোবাইল হ্যাং করতে শুরু করে। স্ক্রিনে ভেসে ওঠে অটোমেটিক সিস্টেম আপডেটের নোটিফিকেশন। কিছু বুঝে ওঠার আগেই মোবাইলটি নিজে থেকেই আপডেট হতে শুরু করে। আপডেট হওয়ার পর মোবাইলটি সম্পূর্ণ রূপে বন্ধ হয়ে যায়। কিন্তু আবার কিছুক্ষণ পর মোবাইলটি নিজে থেকেই চালু হতেই সন্দেহ হয় ওই গৃহশিক্ষকের। সঙ্গে সঙ্গে তিনি অনলাইন পেমেন্ট অ্যাপ খোলেন। তখনই চক্ষু চড়কগাছ হয় তাঁর। দেখেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৪৮০০০ টাকা গায়েব। দেখে রীতিমতো ভয় পেয়ে যান তিনি। ঘটনার পর তড়িঘড়ি তিনি ব্যাঙ্কে যান। আজ, মঙ্গলবার ব্যাঙ্ককে সমস্ত ঘটনা জানান এবং ওই অ্যাকাউন্টটি বন্ধ করান। এরপর সুবিচারের আশায় সাইবার সহায়তা কেন্দ্রে যান ওই গৃহশিক্ষক।
সাইবার সহায়তা কেন্দ্রের এক আধিকারিক বলেন, কোনো ভুয়ো লিঙ্ক বা অন্য কিছুর মাধ্যমে ফোনটিত ম্যালওয়ার ঢুকিয়ে দেওয়া হয়েছিল। ফলে মোবাইলটি হ্যাক হয়ে যায়। প্রতারকরা এই সুযোগ কাজে লাগিয়ে ওই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয়। কে বা কারা এই প্রতারণার সঙ্গে যুক্ত তাদের ব্যাপারে খোঁজ চালানো হচ্ছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে তদন্তকারী আধিকারিকরা।



