সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান পুরসভায় তৃণমূলের কাউন্সিলার ও বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সংগঠনের নেতা শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়কে চ্যালাকাঠ দিয়ে পেটানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম শেখ ইমরান ওরফে তপন। তার বাড়ি বর্ধমান শহরের বিসি রোডের টিকেপাড়ায়। শনিবার ভোরে বড়বাজার মসজিদতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিসের দাবি, গ্রেপ্তারের আগে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। পালাতে গিয়ে তার চোখে আঘাত লাগে। ভ্রুর উপরে ক্ষতের সৃষ্টি হয়। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। ধৃতের হয়ে কোনও আইনজীবী এদিন দাঁড়াননি। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ৭ আগস্ট ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম। পালাতে যাওয়ার কথা অস্বীকার করেছে অভিযুক্ত। আদালত চত্বর থেকে সংশোধনাগারে যাওয়ার সময় গাড়িতে ওঠার আগে সে বলে, পালাতে যাইনি। কাউন্সিলারের লোকজনই মারধর করে। তাতেই চোখের উপর ক্ষতের সৃষ্টি হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ শহরের সর্বমঙ্গলাপাড়ায় শ্যামাপ্রসাদের বাড়িতে দু’জন যায়। গ্রিলের কড়া নাড়িয়ে তারা শ্যামাপ্রসাদের নাম ধরে ডাকে। তা শুনে তিনি বেরিয়ে আসেন। তাঁকে ইমরান গালিগালাজ করে। গালিগালাজের কারণে তিনি জানতে চান। আচমকা তাঁর মাথায় আঘাত করা হয়। তাঁর গলা টিপে ধরা হয়। পরিবারের লোকজন বেরিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসা হয়।



