সংবাদদাতা, বর্ধমান: প্রথম পাঁচ ম্যাচে তাদের ঝুলিতে ছিল মাত্র এক পয়েন্ট। বেঙ্গল সুপার লিগের অভিষেক মরশুমে শুরুটা মোটেই ভালো হয়নি বর্ধমান ব্লাস্টার্সের। তবে সেই ধাক্কা সামলে দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় সন্দীপ নন্দীর ছেলেরা। পরের ৬ ম্যাচের ৫টিতে জিতে শেষ চারের আশা আরও জোরালো করল তারা। বৃহস্পতিবার মেদিনীপুরের অরবিন্দ স্টেডিয়ামে এফসি মেদিনীপুরকে ৪-১ গোলে হারাল বর্ধমান। সেই সুবাদে ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চতুর্থ স্থানে উঠে এল সন্দীপ নন্দী-ব্রিগেড। ম্যাচে জোড়ো গোলে নায়ক অ্যারিস্টাইড চৌচু। এছাড়া স্কোরশিটে নাম তোলেন উজ্জ্বল হাওলাদার ও বিজয় বাহাদুর গুরুং। মেদিনীপুরের একমাত্র গোলটি ইয়াসিন্তা সাব্বিরের। এদিনের হারের ফলে ১১ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সপ্তম স্থানেই রইল মেদিনীপুর। শেষ চারের পথও ক্রমশ কঠিন হচ্ছে তাদের।



